ডেস্ক রিপোর্টার,২৭ আগস্ট।।
উত্তর নেপালে এক প্রলয়ঙ্করী হরপ্পা বানে মুহূর্তে ধূলিসাৎ হয়ে গেল বিস্তীর্ণ এলাকা। বুধবার সকালে তিব্বত সীমান্ত ঘেঁষা উচ্চ পার্বত্য অঞ্চল থেকে নেমে আসা আকস্মিক ও বিপুল জলস্রোত আছড়ে পড়ে নেপালের ভোটকোশি নদীতে। চোখের পলকে নদীর আশপাশের একাধিক গ্রাম, গুরুত্বপূর্ণ সড়কপথ এবং সংযোগকারী সেতু ভাসিয়ে নিয়ে গেছে এই তান্ডব।স্থানীয় প্রশাসন ও প্রত্যক্ষদর্শীদের সূত্রে জানা গেছে, নদীর জলস্তর একধাক্কায় বহুগুণ বেড়ে গিয়ে চারপাশের লোকালয় ও অবকাঠামোর ওপর আছড়ে পড়ে। ফলে বেশ কয়েকটি বসতি সম্পূর্ণ নিশ্চিহ্ন হয়ে গেছে এবং বহু মানুষ গৃহহীন হয়ে পড়েছেন। জলস্রোতের তোড়ে প্রধান প্রধান সেতু ও রাস্তা ধ্বংস হয়ে যাওয়ায় ওই অঞ্চলের পাহাড়ি গ্রামগুলির সঙ্গে জেলা সদরের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে।স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ১০০০ জনেরও বেশি মানুষ ভেসে গিয়েছেন এবং ইতিমধ্যেই আটজনের মৃতদেহ উদ্ধার করা সম্ভব হয়েছে।
প্রশাসনের পক্ষ থেকে দ্রুত দুর্গত এলাকায় ত্রাণ ও উদ্ধারকাজ শুরু করা হয়েছে। তবে প্রতিকূল আবহাওয়া এবং বিচ্ছিন্ন যোগাযোগব্যবস্থার কারণে উদ্ধারকারীদের ঘটনাস্থলে পৌঁছাতে প্রচণ্ড সমস্যার সম্মুখীন হতে হচ্ছে। সরকারের তরফ থেকে নদী তীরবর্তী নিচু এলাকাগুলির বাসিন্দাদের দ্রুত নিরাপদ আশ্রয়ে সরে যেতে বলা হয়েছে এবং উচ্চ সতর্কতা জারি করা হয়েছে। স্থানীয় প্রশাসন পরিস্থিতির ওপর সতর্ক নজর রাখছে।
বিশেষজ্ঞদের মতে, রাসুয়ায় স্থানীয়ভাবে ভারী বৃষ্টি হয়নি। উপগ্রহ চিত্র বলছে, তিব্বতের অংশে হওয়া অতিবৃষ্টির জলই নদী ধরে নেপালে ঢুকে এই তাণ্ডব চালিয়েছে। তবে কোনও হিমবাহ-হ্রদ ভেঙে এই বিপর্যয় কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।

