তেলিয়ামুড়া ডেস্ক, ২৮ আগস্ট।।
দুই জঙ্গি সংগঠন এনএলএফটি ও এটিটিএফ’র আত্মসমর্পণকারী বৈরীদের ডাকা আসাম-আগরতলা জাতীয় সড়ক ও রেলপথ বনধের ডাক কার্যত অসম্পূর্ণ রয়ে গেল। শুক্রবার সকালে আত্মসমর্পণকারী প্রাক্তন বৈরীরা বড়মুড়া পাহাড়ের চন্দ্র সাধুপাড়া এলাকায় জাতীয় সড়ক অবরোধের জন্য জড়ো হয়। কিন্তু পুলিশি বাধার মুখে তারা জাতীয় সড়ক অবরোধ করতে পারেনি। বাধ্য হয়ে পিছু হটে। পরবর্তীতে নিজেদের ইজ্জত বাঁচাতে আমরণ অনশনের সিদ্ধান্ত নেয় প্রাক্তন জঙ্গিরা। শেষ পর্যন্ত বাধ্য হয়ে জাতীয় সড়কের পাশের একটি স্থানে বসে লোক দেখানো আন্দোলনের জন্য।
আন্দোলনের খবর পেয়ে রাজ্য সরকারের জনজাতি কল্যাণ দপ্তরের পক্ষ থেকে প্রাক্তন বৈরীদের বৈঠকে বসার প্রস্তাব দেওয়া হয়। জানানো হয় সরকার তাদের দাবিগুলো শুনবে এবং যথার্থ মূল্যায়ন করবে।এদিনের আন্দোলনের নেতৃত্বে ছিলেন প্রাক্তন বৈরী কাওলাজয় ত্রিপুরা। এদিনের প্রাক্তন বৈরীদের আন্দোলনের কোন প্রভাব পড়িনি জাতীয় সড়কে। এই রুটে যান চলাচল ছিলো সম্পূর্ণ স্বাভাবিক।

