Oplus_16908288

ডেস্ক রিপোর্টার, ১৩ নভেম্বর।।
       রাজনৈতিক দলের চাপের কাছে নতি স্বীকার করে বৈধভাবে নিযুক্ত চার অঙ্গনওয়াড়ি কর্মীকে চাকরিচ্যুত করার ঘটনায় প্রশাসনকে কড়া ভর্ৎসনা করল ত্রিপুরা হাইকোর্ট। প্রধান বিচারপতি এম এস রামচন্দ্র রাও এবং বিচারপতি এস দত্ত পুরকায়স্থের ডিভিশন বেঞ্চ প্রশাসনের এই সিদ্ধান্তকে ‘স্বেচ্ছাচারী ও বেআইনি’ আখ্যা দিয়ে ওই চার কর্মীকে অবিলম্বে চাকরিতে পুনর্বহালের নির্দেশ দিয়েছে।
আবেদনকারীদের আইনজীবী পুরুষোত্তম রায় বর্মন জানান, ২০২৩ সালের আগস্ট মাসে সম্পূর্ণ নিয়ম মেনে ডম্বুরনগর আইসিডিএস প্রকল্পে ওই চার কর্মীকে নিয়োগ করা হয়েছিল এবং তাঁরা কাজেও যোগ দেন। কিন্তু স্থানীয় রাজনৈতিক দল তিপ্রা মথার ডেপুটেশন ও চাপের মুখে ২০২৪ সালের ২৬ ফেব্রুয়ারি জেলা প্রশাসন হঠাৎ তাঁদের নিয়োগ বাতিল করে। সিঙ্গল বেঞ্চে সুরাহা না মেলায় মামলাকারীরা ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হন। শুনানি শেষে আদালত পর্যবেক্ষণে জানায়, রাজনৈতিক চাপ প্রশাসনিক সিদ্ধান্তকে কলুষিত করেছে।
আদালতের নির্দেশ বরখাস্ত হওয়া চার অঙ্গনওয়াড়ি কর্মীকে অবিলম্বে কাজে পুনর্বহাল করতে হবে।২০২৪ সালের ২৬ ফেব্রুয়ারি থেকে তাঁদের সমস্ত বকেয়া বেতন ও ভাতা আগামী আট সপ্তাহের মধ্যে মিটিয়ে দিতে হবে।মামলার খরচ বাবদ প্রত্যেক আবেদনকারীকে ৫,০০০ টাকা করে প্রদান করতে হবে।হাইকোর্টের এই রায়কে প্রশাসনিক স্বেচ্ছাচারিতার বিরুদ্ধে ন্যায়বিচার হিসেবে উল্লেখ করে আইনজীবী পুরুষোত্তম রায় বর্মন এও বলেন, রাজনৈতিক পছন্দ-অপছন্দের কারণে বৈধ কর্মীদের চাকরি কাড়া যায় না; প্রশাসনিক আধিকারিকদের সংবিধান ও আইন মেনেই দায়িত্ব পালন করা উচিত।


            
   


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *