ডেস্ক রিপোর্টার, আগরতলা।।
SMA Type-1 নামক বিরল রোগে আক্রান্ত ছোট্ট শিশু মানশ্রী চৌধুরী-র চিকিৎসার জন্য আজ ভারত রত্ন সংঘ-এর পক্ষ থেকে আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে।
“একটি শিশুর জীবন বাঁচানোর লড়াইয়ে সমাজের প্রতিটি মানুষের সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেই মানবিক দায়িত্ববোধ থেকেই ভারত রত্ন সংঘ সবসময় অসহায় ও বিপদগ্রস্ত মানুষের পাশে থাকার চেষ্টা করে। মানশ্রীর সুস্থতা কামনায় এই সামান্য সহযোগিতা ক্লাবের মানবিক অঙ্গীকারেরই একটি ক্ষুদ্র প্রয়াস।”- জানিয়েছেন ক্লাব সম্পাদক চন্দন চক্রবর্তী।
ভারত রত্ন সংঘের পক্ষ থেকে রাজ্যের সমাজসেবী, স্বেচ্ছাসেবী সংগঠন, বিত্তবান ব্যক্তি এবং শুভবুদ্ধিসম্পন্ন মানুষদের কাছে আন্তরিক আবেদন জানানো হয় মানশ্রীকে আর্থিক সহায়তা করার জন্য। ক্লাবের পক্ষ থেকে সম্পাদক চন্দন চক্রবর্তী এই খবর নিশ্চিত করেছেন।

শুধু মানশ্রী নয়, উষাবাজারস্থিত অনঙ্গনগর (বৈষ্যপাড়া) নিবাসী রাজীব সরকারের(পেশায় কাঠমিস্ত্রি) ২ বছর ৮ মাস বয়সি পুত্র সন্তান
রুদ্রিক দাস দুরারোগ্য লিভারের রোগে আক্রান্ত। তার পাশেও দাঁড়িয়েছে ভারত রত্ন ক্লাব। শিশু রুদ্রিক খুবই সংকাটাপন্ন অবস্থায় আছে। চিকিৎসকরা শিশুটিকে বহিঃরাজ্যে নিয়ে গিয়ে লিভার প্রতিস্থাপন করার পরামর্শ দেন। এই চিকিৎসা যথেষ্ট ব্যায়বহুল এবং তার জন্য প্রায় ৩০/৩৫ লক্ষ টাকার দরকার। এই দরিদ্র পরিবারটির পক্ষে এই চিকিৎসা করানো প্রায় অসম্ভবের ব্যাপার। এই খবরটি শুনতে পেয়ে ভারতরত্ন সংঘের সভাপতি অ্যাডভোকেট দীনেশ সরকার, সম্পাদক চন্দন চক্রবর্তী সহ ক্লাবের অন্যান্য সদস্যরা বরাবরের মতো সামাজিক মূল্যবোধের দৃষ্টান্ত স্থাপন করে তাদের বাড়িতে গিয়ে কিছু অর্থরাশি সাহায্য করে। শিশুটির সুস্থতা ও দীর্ঘয়ু কামনা করে। ক্লাবের পক্ষ থেকে রাজ্যের মানুষের কাছে মানবিক আর্জি জানানো হয় ছোট্ট রুদ্রিকের চিকিৎসার জন্য আর্থিক সহায়তা করার জন্য।

