তেলিয়ামুড়া ডেস্ক, ২৮ আগস্ট।।
দেশের বিরুদ্ধে অবমাননামূলক মন্তব্যের অভিযোগ তুলে বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী সহ সিপিআইএমের বিরুদ্ধে ফের সরব শাসকদল বিজেপি। এই অভিযোগকে সামনে রেখে গোটা রাজ্যজুড়ে বিজেপির উদ্যোগে চলছে বিক্ষোভ ও ধিক্কার কর্মসূচি।
এরই অঙ্গ হিসেবে শুক্রবার ২৮ তেলিয়ামুড়া বিজেপি মণ্ডলের উদ্যোগে অনুষ্ঠিত হয় এক বিক্ষোভ মিছিল। তেলিয়ামুড়া মণ্ডল কার্যালয় থেকে মিছিলটি শুরু হয়ে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ পথ পরিক্রমা করে পুনরায় মণ্ডল কার্যালয়ের সামনে এসে সমাপ্ত হয়।
মিছিলে অংশগ্রহণকারীরা সিপিআইএমের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান তুলে ক্ষোভ প্রকাশ করেন। বিজেপির অভিযোগ, দেশের স্বার্থবিরোধী কর্মকাণ্ডে যারা প্রত্যক্ষ বা পরোক্ষভাবে মদত দিচ্ছে, তাদের বিরুদ্ধে জনমত গড়ে তুলতেই এই প্রতিবাদ কর্মসূচি।
বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন ২৮ তেলিয়ামুড়া বিজেপি মণ্ডল সভাপতি অচিন্ত্য ভট্টাচার্যী, মণ্ডলের সাধারণ সম্পাদক নন্দন রায়সহ দলের অন্যান্য নেতৃত্ব ও কর্মী-সমর্থকরা।
এদিনের কর্মসূচিকে কেন্দ্র করে তেলিয়ামুড়ায় বিজেপি কর্মী-সমর্থকদের মধ্যে ছিল যথেষ্ট উৎসাহ ও উদ্দীপনা।।

