ডেস্ক রিপোর্টার, ১৭ জুলাই।।
সারা দেশের সাথে এই প্রথম শুরু হতে চলেছে সম্পূর্ণ ডিজিটাল পদ্ধতিতে জনগণনা। শুক্রবার ‘জনগণনা-২০২৭’-এর স্ব-তথ্য নিবন্ধন পোর্টালের আনুষ্ঠানিক উদ্বোধন করলেন রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নাল্লু। উদ্বোধনী অনুষ্ঠানে রাজ্যপাল দেশের সকল নাগরিককে স্বতঃস্ফূর্তভাবে অনলাইনে নিজেদের তথ্য নথিভুক্ত করার আহ্বান জানান।তিনি জোর দিয়ে বলেন, একটি দেশের সঠিক উন্নয়নমূলক পরিকল্পনা এবং নীতি নির্ধারণের মূল ভিত্তি হলো নির্ভুল জনগণনার তথ্য। তাই এই প্রক্রিয়ায় প্রত্যেকের অংশগ্রহণ অত্যন্ত জরুরি।
প্রশাসন সূত্রে জানানো হয়েছে, আগামী ১৭ জুলাই থেকে ৩১ জুলাই পর্যন্ত এই স্ব-তথ্য নিবন্ধন পোর্টালটি সাধারণ মানুষের জন্য খোলা থাকবে। এই নির্দিষ্ট সময়ের মধ্যে নাগরিকরা ঘরে বসেই অনলাইনের মাধ্যমে ডিজিটাল পদ্ধতিতে নিজেদের তথ্য নথিভুক্ত করতে পারবেন।তবে যাঁরা অনলাইনে তথ্য দিতে পারবেন না, তাঁদের চিন্তার কোনো কারণ নেই। আগামী ১ আগস্ট থেকে জনগণনা কর্মীরা সরাসরি প্রতিটি বাড়ি বাড়ি গিয়ে তথ্য সংগ্রহের পাশাপাশি অনলাইনের তথ্যগুলো যাচাই করে নেবেন। সম্পূর্ণ ডিজিটাল এই প্রক্রিয়ার ফলে দেশের জনসংখ্যা ও আর্থ-সামাজিক পরিস্থিতির নিখুঁত চিত্র উঠে আসবে বলে আশা করা হচ্ছে।

