ত্রিপুরাতে সংগঠনকে ঢেলে সাজানোর পরিকল্পনা নিয়েছে কংগ্রেস।বিধায়ক সুদীপ রায় বর্মন ও আশীষ কুমার সাহা উভয়েই দলের অভ্যন্তরীণ ঐক্য বজায় রাখার ওপর জোর দিয়েছেন বৈঠকে।
ডেস্ক রিপোর্টার, ৭ মে।।
এডিসি নির্বাচন এবং ধর্মনগর বিধানসভা কেন্দ্রের উপ-নির্বাচনে দলের ফলাফল ও রণকৌশল নিয়েম আলোচনায় বসল পিসিসি।বৃহস্পতিবার প্রদেশ কংগ্রেস ভবনে আয়োজিত এই পর্যালোচনা বৈঠকটি ছিল রাজনৈতিকভাবে অত্যন্ত তাৎপর্যপূর্ণ।বিধায়ক সুদীপ রায় বর্মন এবং প্রদেশ কংগ্রেস সভাপতি আশীষ কুমার সাহার উপস্থিতিতে অনুষ্ঠিত এই বৈঠকের প্রধান বিষয়গুলোর মধ্যে ছিল ধর্মনগর উপ-নির্বাচন।এই কেন্দ্রে কংগ্রেসের চয়ন ভট্টাচার্য পরাজিত হয়েছেন। বিজেপি প্রার্থী জহর চক্রবর্তী বড় ব্যবধানে জয়ী হওয়ায় দলের সাংগঠনিক দুর্বলতাগুলো চিহ্নিত করার ওপর জোর দেওয়া হয়।তাছাড়া ছিল এডিসি নির্বাচন।টিটিএএডিসি নির্বাচনে তিপ্রা মথার একাধিপত্য এবং কংগ্রেসের ফলাফল সন্তোষজনক না হওয়ায় পাহাড় ও সমতলের সমীকরণ পুনর্মূল্যায়ন করা হয়েছে।
দেশের পাঁচ রাজ্যের বিধানসভা নির্বাচনের ফলাফলের পরিপ্রেক্ষিতে এই বৈঠকে বেশ কিছু গুরুত্বপূর্ণ বার্তা উঠে এসেছে।এর মধ্যে রয়েছে বিজেপি বিরোধী ঐক্য বা জোট তৈরি।যাতে বিজেপি-বিরোধী ভোট যাতে ভাগ না হয়।
এছাড়া কেরালায় ইউডিএফ জোটের ভালো ফলাফল এবং তামিলনাড়ুতে ধর্মনিরপেক্ষ শক্তির উত্থানকে মডেল হিসেবে সামনে রেখে ত্রিপুরাতেও সংগঠনকে ঢেলে সাজানোর পরিকল্পনা নেওয়া হয়েছে।বিধায়ক সুদীপ রায় বর্মন ও আশীষ কুমার সাহা উভয়েই দলের অভ্যন্তরীণ ঐক্য বজায় রাখার ওপর জোর দিয়েছেন। বিশেষ করে বিভ্রান্তি দূর করে সাধারণ মানুষের কাছে কংগ্রেসের মূল আদর্শ পৌঁছে দেওয়ার আহ্বান জানানো হয়েছে।

