তেলিয়ামুড়া ডেস্ক, ৩০ জুলাই।।
বাড়িতে কাজ করার সময় আকস্মিক বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মর্মান্তিক মৃত্যু হলো এক বৃদ্ধার। বৃহস্পতিবার ঘটনাটি ঘটেছে তেলিয়ামুড়া থানাধীন করইলং এলাকায়। মৃত বৃদ্ধার নাম অনুরাধা। তাঁর বয়স আনুমানিক ৬০ বছর বলে জানা গেছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, এদিন নিজের বাড়িতেই দৈনন্দিন কাজ করছিলেন ওই বৃদ্ধা। সেই সময় অসাবধানতাবশত তিনি বিদ্যুতের সংস্পর্শে এসে গুরুতরভাবে বিদ্যুৎস্পৃষ্ট হন। বিকট শব্দ ও চিৎকার শুনে পরিবারের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে ছুটে আসেন। তাঁকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে অবিলম্বে তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষার পর তাঁকে মৃত বলে ঘোষণা করেন।
এই মর্মান্তিক দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়তেই গোটা করইলং এলাকায় শোকের ছায়া নেমে আসে। হাসপাতালে ভিড় জমান আত্মীয়-স্বজন ও প্রতিবেশীরা। সামান্য অসতর্কতা যে কতটা প্রাণঘাতী হতে পারে, এই ঘটনায় আবারও সেই করুণ বাস্তবতা উঠে এলো। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।

