ডেস্ক রিপোর্টার, ২৮ জুলাই।।
মূলধন বাজারে প্রবেশের মাধ্যমে রাজ্যে অর্থনৈতিক সমৃদ্ধির এক নতুন অধ্যায়ের সূচনা করে ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ’র সাথে তিনটি ঐতিহাসিক সমঝোতা স্মারক স্বাক্ষর করল রাজ্য সরকার। মঙ্গলবার আগরতলার প্রজ্ঞা ভবনে আয়োজিত এক অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী মানিক সাহার উপস্থিতিতে এই গুরুত্বপূর্ণ চুক্তিগুলি স্বাক্ষরিত হয়।
এই উপলক্ষে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী জানান, এই চুক্তি রাজ্যে আর্থিক সাক্ষরতা বৃদ্ধি, দক্ষতা উন্নয়ন এবং উদ্যোক্তা তৈরির ক্ষেত্রকে সুদৃঢ় করার অভিমুখে একটি উল্লেখযোগ্য মাইলফলক।তিনি এই উদ্যোগের মূল লক্ষ্যগুলি তুলে ধরে বলেন,যুবদের মধ্যে আর্থিক শিক্ষা প্রদান করা এবং বাজারমুখী কাজের উপযোগী দক্ষতা বৃদ্ধি করা।তাছাড়া স্থানীয় ব্যবসা ও ক্ষুদ্র-মাঝারি উদ্যোগগুলোর জন্য মূলধন বাজারে প্রবেশের সহজ সুযোগ তৈরি করা।
আধুনিক আর্থিক ও অর্থনৈতিক কৌশলের ওপর সরকারি আধিকারিকদের বিশেষ প্রশিক্ষণ প্রদান করা।এছাড়া রাজ্যে একটি গতিশীল,বিনিয়োগ বান্ধব এবং প্রাণবন্ত অর্থনৈতিক পরিবেশ গড়ে তোলা।
মুখ্যমন্ত্রী আরও উল্লেখ করেন যে, এই যৌথ উদ্যোগের মাধ্যমে ‘স্টেট ইনস্টিটিউট অব পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট’ অর্থাৎ SIPARD দেশের প্রথম সারির সরকারি প্রশিক্ষণ প্রতিষ্ঠানগুলির অন্যতম হয়ে উঠেছে, যারা NSE-এর মতো শীর্ষস্থানীয় প্রতিষ্ঠানের সাথে এই ধরনের বৃহৎ মাপের কৌশলগত অংশীদারিত্ব গড়ে তুলল। এটি প্রাতিষ্ঠানিক দক্ষতা বৃদ্ধির ক্ষেত্রে একটি জাতীয় মানদণ্ড স্থাপন করবে এবং ‘আত্মনির্ভর ত্রিপুরা’ গঠনে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে।

