ডেস্ক রিপোর্টার, ৯ সেপ্টেম্বর।।
পাহাড়ের আসন্ন গ্রাম পরিষদ নির্বাচনের মনোনয়ন দাখিল পর্ব সমাপ্ত হয়েছে মঙ্গলবার। এই পর্বের পর রাজ্য নির্বাচন কমিশন রাজ্যের সবকয়টি ব্লক থেকে সংগ্রহ করেছে তথ্য।রাজ্য নির্বাচন কমিশনের সচিব অনুরাগ সেন সাংবাদিক বৈঠকে জানিয়েছেন, ৫২টি ব্লক এলাকায় ৫৮৭টি ভিলেজ কমিটির আসরে সব রাজনৈতিক দলের প্রার্থীরা তাদের মনোনয়ন পত্র দাখিল করেছেন। তথ্য অনুযায়ী, ভারতীয় জনতা পার্টি ১৯৭৪জন প্রার্থী তাদের মনোনয়নপত্র জমা করেছেন। প্রধান বিরোধী দল সিপিআইএমের ২৪৪৮ জন প্রার্থী জমা করেছেন তাদের মনোনয়ন পত্র। কংগ্রেসের ৪৬৬ জন ও আইপিএফটি ৪৮৬ জন প্রার্থী মনোনয়ন পত্র জমা করেছেন। এডিসির শাসক দল তিপ্রামথার ৪৩৭১ জন প্রার্থী মনোনয়ন পত্র দাখিল করেছেন। সিপিআই- র চারজন এবং ১১৫১ জন নির্দল প্রার্থী জমা করেছেন তাদের মনোনয়ন পত্র। নির্বাচন কমিশনের সচিব অনুরাগ সেনের বক্তব্য, ১১৬৯টি কেন্দ্রে শুধু মাত্র একটি রাজনৈতিক দলের প্রার্থীরা মনোনয়ন পত্র জমা করেছেন।
সচিব জানিয়েছেন, গ্রাম পরিষদ নির্বাচন উৎসবে মুঙ্গিয়াকামী ও হেজামারা ব্লকের তিনটি আসনে মনোনয়ন পত্র জমা পড়ে নি। অর্থাৎ সংশ্লিষ্ট আসন গুলিতে ভোট হওয়ার কোন সম্ভাবনাই নেই। কারণ প্রার্থীরাই জমা করেন নি মনোনয়ন পত্র।
নির্বাচন কমিশনের দেওয়া তথ্য অনুযায়ী, পাহাড়ের শাসক দল তিপ্রামথা ভোটের আগেই ১১৬৯টি কেন্দ্রে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়ে গিয়েছে। কারণ এই আসন গুলিতে অন্য কোনো রাজনৈতিক দলের প্রার্থীরা মনোনয়ন পত্র জমা করেন নি। রাজনীতিকরা বলছেন, ১১৬৯টি কেন্দ্রের চিত্র থেকে পরিষ্কার নির্বাচনে এনডিএ জোটের জয় নিশ্চিত। তবে প্রশ্ন উঠছে রাজ্যের প্রধান শাসক দল বিজেপির পাহাড়ের সংগঠন নিয়ে। আসন সমঝোতার মাধ্যমে তারা মাত্র ১৯৭৪টি আসনে প্রার্থী দিতে পেরেছেন। এটা নিশ্চয় বিজেপির আগামীর রাজনীতির জন্য অশনি সংকেত।

