ডেস্ক রিপোর্টার, ২৯ জুন।।
     মহাসঙ্কটে  ভারতীয় জনতা পার্টির অভিভাবক সংস্থা রাষ্ট্রীয় স্বয়ং সেবক সঙ্ঘ। সঙ্ঘের সমালোচনায় মুখর খোদ বিজেপি নেতা কৈলাস বিজয়বর্গীয়।   তিনি বলেন RSS – এ এখন ভালো মানুষ আসছেন না।   বাড়ছে বেনো জল বেনো জল।তারা সুবিধাভোগী, সুযোগ সন্ধানী।দেশের গেরুয়া শিবিরের এই বর্ষীয়ান নেতা তথা মধ্যপ্রদেশের মন্ত্রী কৈলাসের এই বিতর্কিত মন্তব্যে অস্বস্তিতে সর্ব ভারতীয় বিজেপি সহ আরএসএস। তাঁর বক্তব্য কাটাছেঁড়া শুরু হয়েছে খোদ বিজেপির অন্দরেই।
    সম্প্রতি ভোপালে একটি প্রকাশ্য অনুষ্ঠানে RSS-কে নিয়ে কৈলাস বিজয়বর্গীয় বলেন, “সঙ্ঘে এখন ভিড় বেড়েছে। সংখ্যায় বেড়েছি আমরা, অনেক বড় সংগঠনে পরিণত হয়েছি। সরকারের আধিকারিকই এখন যোগ দেন। দেশে বিজেপি সরকার গড়ার পর সব আধিকারিকরা সঙ্ঘের সমর্থক হয়ে গিয়েছেন। দিল্লি সহ দেশের প্রত্যেক বিজেপি শাসিত রাজ্যগুলিতে একই চিত্র।”
        বিজেপির এই বর্ষীয়ান নেতা পরিষ্কার ভাবেই বলেন,  “এখন স্রোতে গা ভাসিয়ে নিজেদের সঙ্ঘের লোক বলে দাবি করছেন অনেকেই । তাঁরা আসলে সুযোগসন্ধানী, সুবিধাবাদী। তাই সঙ্ঘ আয়তনে বাড়লেও, খারাপ চরিত্রের মানুষজনের ভিড় বাড়ছে। আরএসএস – এ আসছেন না ভালো মানুষ। আর ভাল মানুষই যদি না থাকে সংগঠনে,তাহলে আদর্শের কী মূল্য থাকবে ?  এই বিষয়টি আমাদের বিচার – বিশ্লেষণ করে দেখা উচিত।”
RSS যখন মহাসমারোহে শতবর্ষ উদযাপন করছে, সেই সময় কৈলাসের এই মন্তব্যে অস্বস্তি বেড়েছে বিজেপি-রও। কারণ অতি সম্প্রতিই RSS প্রধান মোহন ভাগবতকে চিঠি লেখেন কর্নাটকের মন্ত্রী তথা কংগ্রেস নেতা প্রিয়ঙ্ক খড়গে।   তিনি  RSS-এর আইনি স্বীকৃতি, তহবিল,দায়বদ্ধতা নিয়ে প্রশ্ন তোলেন, তথ্য চেয়ে পাঠান ।ভাগবত যদিও প্রিয়ঙ্কের চিঠিকে গুরুত্ব দিতে চাননি।তবে RSS কেন আয়কর দেবে না? কেন নথিভুক্তিকরণ হবে না তাদের? সেই প্রশ্ন জোরাল হচ্ছে বিরোধীদের তরফ থেকে। তাই বিজেপি নেতা কৈলাসের মন্তব্য ঘিরে দেশের রাজনৈতিক মহলে চলছে জোর চর্চা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *