স্পোর্টস ডেস্ক, ৩০ জুন।।
   কেরিয়ারের শেষ বিশ্বকাপ খেলতে নেমেছিলেন ম্যানুয়েল ন্যয়ার নিঃসন্দেহে নজর ছিল তাঁর ওপর। ৪০ বছরের জার্মান গোলরক্ষক চেয়েছিলেন দেশকে আরও একটা বিশ্বকাপ এনে দিতে, ঠিক যেমনটা করেছিলেন ২০১৪ সালে। কিন্তু গোটা ম্যাচে অবিশ্বাস্য গোলকিপিং করলেন প্যারাগুয়ের অরল্যান্ডো গিল। শুধুই কি গোলকিপিং। গোটা মাঠজুড়ে দাপিয়ে বেরিয়ে গেল প্যারাগুয়ের ফুটবলাররা। নির্ধারিত সময়ে ম্যাচ ১-১ ছিল। খেলা গড়ায় টাইব্রেকারে। যেখানে জার্মানিকে হারিয়ে বিশ্বকাপের শেষ ষোলোয় জায়গা করে নিল প্যারাগুয়ে।
       এবারের বিশ্বকাপে জার্মানিকে খুব একটা ফেভারিট কোনও বিশেষজ্ঞই মানেননি। তবে সেমিফাইনাল পর্যন্ত তারা যাবে, এটুকু আশা করা গিয়েছিল। কিন্তু তা আর হল না। গ্রুপ পর্বেই আক্রমণ ও ডিফেন্সে নড়বড়ে ভাব কিছুটা চিন্তা বাড়িয়েছিল দলের। যদিও দুর্বল প্রতিপক্ষের বিরুদ্ধে তা সমস্যা তৈরি করেনি। কিন্তু নক আউটে প্যারাগুয়ের গতি ও ধারালো আক্রমণ সামলাতে হিমশিম খেতে হল মুসিয়ালা, কিমিচদের। শেষ পর্যন্ত প্যারাগুয়ের কাছে পরাজিত হয়ে দেশে ফিরে গেলো চার বারের বিশ্ব চ্যাম্পিয়ন জার্মানি।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *