নবম লিভারকনে চিকিৎসকদের সায়েন্টিফিক আলোচনার পাশাপাশি কমিউনিটি হেপাটোলজির উপরও পৃথক আলোচনার আয়োজন করা হয়েছে। আলোচনায় প্রতিটি মানুষকে শরীরে লিভারের গুরুত্ব ও সুরক্ষার উপর সচেতন করার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞগন।

আগরতলা, ৩০জুন ।।
      লিভারের জটিল রোগ মানেই মৃত্যু পরোয়ানা নয়। আধুনিক  চিকিৎসা বিজ্ঞানের আশীর্বাদে লিভার সিরোসিস পর্যায়েও সুস্থ করে তোলা সম্ভব। লিভার প্রতিস্থাপনও আজকাল সহজ লভ্য ও জনপ্রিয় হয়ে গেছে। নবম লিভারকন থেকে এই আশার বার্তা দিয়েছেন দেশের প্রখ্যাত লিভার বিশেষজ্ঞগন। হেপাটাইটিস ফাউন্ডেশন অব ত্রিপুরার উদ্যোগে ২৭ ও ২৮ জুন আগরতলা গভঃ মেডিকেল কলেজে অনুষ্ঠিত হয়েছে দেশের লিভার রোগ বিশেষজ্ঞদের সায়েন্টিফিক কনফারেন্স ‘লিভারকন’। কনফারেন্সে জটিল লিভার রোগের চিকিৎসায় অভিজ্ঞতা ও প্রটোকল শেয়ার করেছেন দেশের বিভিন্ন মেডিকেল কলেজ ও হাসপাতালের প্রখ্যাত অতি বিশেষজ্ঞ চিকিৎসক ও গবেষকগন। ভারতে  লিভার রোগীর সংখ্যা অতি দ্রুত বৃদ্ধির প্রবনতায় গভীর চিন্তা ব্যক্ত করেছেন বিশেষজ্ঞগন। তাঁরা তথ্য দিয়েছেন, এই বৃদ্ধির হার ১৪১ শতাংশের বেশি। নীরবে দেশের বড় স্বাস্থ্য সমস্যা হতে যাচ্ছে লিভার রোগ। বৃদ্ধির এই হার অব্যাহত থাকলে ভারত শীঘ্রই বিশ্বের  লিভার রোগের রাজধানী হবে। বিশেষজ্ঞগন বলেছেন, জীবন শৈলী, জাঙ্ক ফুড,স্থুলতা, ডায়াবেটিস, ড্রাগস, মদ্যপান ইত্যাদি এবং হেপাটাইটিস ভাইরাসের কারণে লিভার ক্ষতিগ্রস্ত হচ্ছে। লিভার রোগ প্রতিরোধে কমিউনিটি হেপাটোলজির উপর গুরুত্বারোপ করেছেন বিশেষজ্ঞগন। ত্রিপুরায় কমিউনিটি হেপাটোলজির উপর হেপাটাইটিস ফাউন্ডেশনের কাজের পদ্ধতি ও সাফল্য গোটা দেশের জন্য একটি মডেল হতে পারে বলে মন্তব্য করেছেন বিশেষজ্ঞগন। ভবিষ্যতে কমিউনিটিতে এ আই ভিত্তিক কাজ শুরু করার পরামর্শ দিয়েছেন তাঁরা। নবম লিভারকনে চিকিৎসাকদের সায়েন্টিফিক আলোচনার পাশাপাশি কমিউনিটি হেপাটোলজির উপরও পৃথক আলোচনার আয়োজন করা হয়েছে। আলোচনায় প্রতিটি মানুষকে শরীরে লিভারের গুরুত্ব ও সুরক্ষার উপর সচেতন করার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞগন। শিরা পথে ড্রাগস গ্রহনকারীদের হেপাটাইটিস বি এবং হেপাটাইটিস সি ভাইরাস সংক্রমণের শিকার হওয়া এবং এর পরিনতিতে লিভার সিরোসিস ও লিভার ক্যান্সার হবার উচ্চ ঝুঁকি সম্পর্কেও বিশেষজ্ঞগন সতর্ক করেছেন। এবারের লিভারকনে রাজ্যের প্রায় আড়াইশ চিকিৎসক অংশগ্রহণ করেছেন।  দ্বিতীয় দিনে মেডিকেল কলেজের পিজি ছাত্ররা কেস প্রেজেন্টেশনের মাধ্যমে ফ্যাকাল্টিদের কাছ থেকে জ্ঞান অর্জনের সুযোগ পেয়েছেন। কনফারেন্সে আগত দেশের প্রখ্যাত লিভার রোগ বিশেষজ্ঞগন অভিমত ব্যক্ত করেছেন, শুধু মাত্র লিভার রোগ নিয়ে এধরনের সায়েন্টিফিক কনফারেন্স দেশের আর কোথাও হয় না। তাই জন্য আগামী দিনে এই কনফারেন্স আন্তর্জাতিক পর্যায়ে আয়োজন করার পরামর্শ দিয়েছেন তাঁরা। নবম লিভারকনে ‘এইচএফটি ওরেশন’ সম্মান প্রদান করা হয়েছে প্রয়োগরাজের মতি লাল নেহেরু মেডিকেল কলেজের প্রখ্যাত লিভার রোগ বিশেষজ্ঞ ডা এস পি মিশ্রকে। সিদ্ধান্ত হয়েছে, আগামী বছরের ১৩ ও ১৪ জুন দশম লিভারকনের আয়োজন করা হবে।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *