স্পোর্টস ডেস্ক, ৭ জুলাই।।
       স্বপ্ন অধরা । বিশ্বকাপ অধরা । কোটি কোটি ভক্তর চোখে জল এনে বিশ্বকাপ জার্নি শেষ করলেন বিশ্ব ফুটবলের আরও এক মহারথী। তিনি ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। স্পেনের কাছে ১-০ ব্যবধানে হেরে ছিটকে গেল পর্তুগাল। ম্যাচের আগেই রোনাল্ডো জানিয়ে দিয়েছিলেন, এটাই তাঁর শেষ বিশ্বকাপ। শেষ বিশ্বকাপ এভাবে শেষ করার পর চোখের জল ধরে রাখতে পারেন নি রোনাল্ডো। রাউন্ড ১৬-তেই ছিটকে গেল পর্তুগাল।
সোমবার রাতে পর্তুগাল – স্পেনের ম্যাচ যখন অতিরিক্ত সময়ে গড়ানোর দিকে এগোচ্ছে,  ঠিক তখনই  ফেরান তোরেস একটি ‘থ্রু বল’ বাড়ান স্পেনের পরিবর্ত খেলোয়াড় মিকেল মেরিনোর দিকে। সেই বল ৯১ মিনিটের মাথায় অনায়াসেই কোস্তার পাশ দিয়ে জালে জড়িয়ে দেন মেরিনো। তাঁর দেওয়া গোলে পর্তুগালের কফিনে পেরেক পুঁতে দেয় স্পেন। এবং সেই সঙ্গে ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর বিশ্বকাপ জয়ের স্বপ্ন স্বপ্নই থেকে যায়।
       ম্যাচ শেষে আমেরিকার ডালাস স্টেডিয়ামের দর্শকদের করতালির মধ্যেই হতাশ হয়ে মাঠ ছাড়লেন রোনাল্ডো। এই পরাজয় রোনাল্ডোর বিশ্বকাপ কেরিয়ারের শেষ অধ্যায় । এর মধ্য দিয়ে দেশের হয়ে তাঁর বিশ্বকাপ জেতার দুই দশকের প্রচেষ্টার সমাপ্তি ঘটল। রোনাল্ডোর নাগালের বাইরেই থেকে গেল বিশ্বকাপ। ম্যাচের শেষ বাঁশি বাজার পর পর্তুগিজ অধিনায়ক কিছুক্ষণ স্থির হয়ে দাঁড়িয়ে রইলেন, যেন হারের বিষয়টি তিনি তখনও পুরোপুরি উপলব্ধি করার চেষ্টা করছিলেন। ম্যাচ-পরবর্তীতে করমর্দনের সময় আবেগ তাঁকে গ্রাস করে ফেলে। রোনাল্ডো কিছুক্ষণের জন্য আবেগপ্রবণ হয়ে পড়লেও দ্রুত নিজেকে সামলে নেন এবং টানেল দিয়ে বেরিয়ে যান।
প্রসঙ্গত, বিশ্বকাপের রাউন্ড অফ ১৬ এর ম্যাচে স্পেনের বিরুদ্ধে খেলতে নামার আগেই সি আর সেভেন বলেছিলেন , “এটাই আমার কেরিয়ারের শেষ বিশ্বকাপ। হ্যাঁ, এটাই শেষ বিশ্বকাপ। সিদ্ধান্ত নিয়ে নিয়েছি।’


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *