স্পোর্টস ডেস্ক,৭ আগস্ট।।
ভারতীয় দলে ফেরার রাস্তা কি পুরোপুরি বন্ধ হয়ে গিয়েছে মহম্মদ শামির ? ঘরোয়া ক্রিকেটে ভাল পারফর্ম করার পরও বারবার ভারতীয় ক্রিকেট দলে ব্রাত্য হতে হয়েছে ডানহাতি অভিজ্ঞ পেসারকে। ২০২৫ সালে চ্যাম্পিয়ন্স ট্রফি জয়ী ভারতীয় দলের সদস্য ছিলেন শামি। কিন্তু এরপর থেকেই জাতীয় দলে আর কোনও সিরিজেই কোনও ফরম্যাটেই খেলতে দেখা যায়নি শামিকে।
অজিত আগরকর। নির্বাচক কমিটির প্রধানকে অনেকেই শামিকে দলে না নেওয়ার পেছনে কাঠগড়ায় তুলেছেন। এবার সেই আগরকরই শামিকে নিয়ে মুখ খুলে বড় বয়ান দিলেন।আগকর মূলত ফিটনেস ইস্যুকেই প্রাধান্য দিয়েছেন এক্ষেত্রে।
আগরকর স্পষ্ট জানিয়ে দিয়েছেন, ” শামির দলে ফেরা পুরোটাই নির্ভর করছে তার ফিটনেসের ওপর। নিজেকে ফিট রেখে ঘরোয়া ক্রিকেটে ধারাবাহিক পারফর্ম করে গেলে তবেই ভাবা যাবে শামিকে দলে ফেরানোর বিষয়।
তবে এক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে কথাটি আগরকর বলেছেন তা হল, ‘টেস্ট চ্যাম্পিয়নশিপ ও ওয়ান ডে বিশ্বকাপের কথা মাথায় রেখে ইতি মধ্যে তরুণ বোলাারদের নিয়ে একটা কোর গ্রুপ তৈরি করা হয়েছে। শামি নিঃসন্দেহে দেশের জার্সিতে অনেক আইসিসি ইভেন্টে দারুণ পারফর্ম করেছে। কিন্তু এই মুহূর্তে নতুনদের নিয়ে এগিয়ে যাওয়ার কথাই ভেবেছে বিসিসিআই।’ ক্রিকেট প্রাজ্ঞরা বলছেন, ঘুর পথে হলেও আগরকর স্পষ্ট করে দিয়েছেন, ” এই মুহূর্তে মহাম্মদ শামির পক্ষে ভারতীয় দলে ফেরা প্রায় অসম্ভব”।”

