স্পোর্টস ডেস্ক, ১৩ আগস্ট।।
একদিনের ঝটিকা সফর শেষে দিল্লি ফিরলেন সোনার মেয়ে অস্মিতা দে। দক্ষিণ জেলার বিলোনিয়া মহকুমার সোনাইছড়ি নিজ বাড়িতে এক রাত কাটিয়ে বৃহস্পতিবার দুপুরের বিমানে রাজ্য ছাড়লেন কমনওয়েলথ গেমসে সোনার পদক জয়ী অস্মিতা এবং ওর কোচ যশপাল সোলাঙ্কি। এবার লক্ষ এশিয়ান গেমসে পদক জয় করা। তাই সময় আর নষ্ট করতে চাইছেন না সোনার মেয়েটি। আগামী দু-একদিনের মধ্যেই প্রস্তুতিতে নেমে পড়বে সে রাজ্য ছাড়ার আগে দৃঢ়তার সঙ্গে এই কথা জানিয়েছেন। এদিন রাজ্য ছাড়ার আগে অস্মিতার প্রাক্তন স্কুল ত্রিপুরা স্পোর্টস স্কুল থেকে সংবর্ধনা জানানো হয় সোনার মেয়েকে। উপস্থিত ছিলেন ক্রীড়া দপ্তরের অধিকর্তা এল ডারলং, উপ-অধিকতা বিপ্লব দত্ত, ত্রিপুরা পোর্ট স্কুলের ভারপ্রাপ্ত ড: ভারতী নিগম সহ ওই স্কুলের শিক্ষক শিক্ষিকারা। প্রথমে বাজার ঘাটের জুডো সেন্টারে এবং শেষে ত্রিপুরা স্পোর্টস স্কুলে সংবর্ধনা জানানো হয় ভূমিকন্যা অস্মিতাকে।গ্লাসগো কমনওয়েলথ গেমসে ইতিহাস রচনা করে বুধবার সকালে নিজ রাজ্য ত্রিপুরা এসেছিলেন গোল্ডেন গার্ল অস্মিতা। ক্রীড়া দপ্তর থেকে যে সংবর্ধনা দেওয়া হয়েছে সোনার মেয়েকে তাতে আপ্লুত সে। শুধু আগরতলা নয় গোমতী এবং দক্ষিণ জেলা প্রশাসন থেকেও বর্ণাঢ্য সংবর্ধনা দেওয়া হয়েছে। ‘ নুন আনতে পান্থা ফুরোয় ‘ পরিবারের মেয়ে অস্মিতার সাফল্যের পেছনে রয়েছে পরিবারের ত্যাগ এবং সংগ্রামের কথা। বুধবার নিজ বাড়িতে যাওয়ার আগে মাতা ত্রিপুরেশ্বরী মন্দির এর পুজো দেন অস্মিতা। এশিয়ান এবং লস এঞ্জলেসে অনুষ্ঠিত অলিম্পিক আসরে সাফল্য পাওয়ার কামনায়। এদিন রাজ্য ছাড়ার আগে অস্মিতা বলেন, নিজ রাজ্যে এসে যে সংবর্ধনা পেয়েছে তাতে আপ্লুত আমি। আমার প্রতি সবার প্রত্যাশা বেড়েছে। চেষ্টা করব এশিয়ান গেমস থেকে পদক জয় করে আবার নিজ বাড়িতে আসতে। প্রসঙ্গত কমনওয়েলথ গেমসের সাফল্যের স্বীকৃতি স্বরূপ রাজ্য সরকার থেকে অস্মিতাকে ১০লাখ টাকার আর্থিক পুরস্কার দেওয়া হয়েছে। তার পরিবারের জন্য রাজ্য সরকার থেকে জমির কাগজ তুলে দেওয়া হয়েছে।
Oplus_16908288