খোয়াই ডেস্ক, ২৫ আগস্ট।।
গত তিন মাস ধরে বেতন বন্ধ। ক্ষুধার জ্বালা নিয়েই এবার রাস্তায় নামলেন মিড ডে মিল রাঁধুনিরা। মঙ্গলবার ঝড়-বৃষ্টিকে উপেক্ষা করেই শত শত রাঁধুনি খোয়াই শিক্ষা দপ্তরের আধিকারিকের কাছে ডেপুটেশন প্রদান করেন।
এদিন খোয়াই শহরে বিক্ষোভ মিছিল করে শিক্ষা দপ্তরে পৌঁছান রাঁধুনিরা। তাদের অভিযোগ, দিনের পর দিন স্কুলে ছাত্রছাত্রীদের জন্য রান্না করলেও মাসের পর মাস বেতন পাচ্ছেন না। ফলে পরিবার নিয়ে চরম অর্থকষ্টে দিন কাটছে তাদের।

ডেপুটেশনে উপস্থিত প্রতিনিধি দলের সঙ্গে কথা বলেন খোয়াইয়ের শিক্ষা দপ্তরের আধিকারিক। তিনি বিষয়টির বাস্তবতা স্বীকার করে নেন এবং দ্রুত বিষয়টি প্রশাসনের ঊর্ধ্বতন মহলে জানানো হবে বলে আশ্বস্ত করেন।
তবে আশ্বাসে পেট ভরছে না রাঁধুনিদের। তাদের সাফ হুঁশিয়ারি, অনতিবিলম্বে বকেয়া বেতন না মিটিয়ে দিলে তারা বৃহত্তর আন্দোলনে যেতে বাধ্য হবেন।

