তেলিয়ামুড়া ডেস্ক, ২৪ আগস্ট।।
বর্ষণে তেলিয়ামুড়া মহকুমার জগন্নাথ বাড়ি ও খামারবাড়ি গ্রাম পঞ্চায়েত এলাকায় তীব্র জলজট সৃষ্টি হয়েছে। স্থানীয় জলনিকাশি ব্যবস্থা বিপর্যস্ত হওয়ায় জলবন্দি হয়ে পড়েছে বিস্তীর্ণ এলাকার অসংখ্য পরিবার, ব্যাহত হচ্ছে স্বাভাবিক জনজীবন।
সমস্যার মূল কারণ হিসেবে স্থানীয় সূত্রে জানা গেছে,সংশ্লিষ্ট এলাকার জল বের হওয়ার জন্য একটিমাত্র মূল ড্রেন রয়েছে। কিন্তু পাশেই রেললাইনের কাজ চলার কারণে সেই ড্রেনটি বন্ধ হয়ে যায়। ড্রেন বন্ধ থাকা এবং সংলগ্ন নালার জল বাড়ায় বৃষ্টির জল দ্রুত বাড়িঘরে ঢুকে পড়ে।
প্রধান সড়কের ওপর দিয়ে জল প্রবাহিত হওয়ায় যাতায়াত পুরোপুরি স্তব্ধ। বিপাকে শিশু ও অসুস্থ ব্যক্তিরা।
তাছাড়া কৃষিজমি জলের নিচে তলিয়ে যাওয়ায় সবজি ও অন্যান্য ফসলের ব্যাপক ক্ষতির মুখে পড়েছে এলাকার কৃষিজীবী পরিবারগুলো।
প্রশাসনের তরফে দ্রুত জগন্নাথ বাড়ি ও খামারবাড়ি এলাকায় দুটি পৃথক ত্রাণ শিবির খোলা হয়েছে।জগন্নাথ বাড়ি শিবিরে প্রায় ৪৪ জন বাসিন্দা আশ্রয় নিয়েছেন।খামারবাড়ি শিবিরে প্রায় ২২টি পরিবার আশ্রয় নিয়েছে।
ত্রাণ শিবিরগুলিতে খাদ্য ও প্রয়োজনীয় সহায়তা পৌঁছে দিচ্ছে প্রশাসন। তেলিয়ামুড়া পঞ্চায়েত সমিতির ভাইস চেয়ারম্যান নির্মল সূত্রধর জানান, আক্রান্ত পরিবারগুলির সুরক্ষায় সব ধরনের সাহায্য দেওয়া হচ্ছে এবং দ্রুত জমা জল নিষ্কাশনে পদক্ষেপ নেওয়া হচ্ছে।
সামান্য বৃষ্টিতেই সংশ্লিষ্ট এলাকা অচল হয়ে পড়ার এই ঘটনায় রেললাইন সংলগ্ন এলাকায় একটি স্থায়ী জলনিকাশি ব্যবস্থা গড়ে তোলার দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।এখন দেখার এই নিয়ে সংশ্লিষ্ট প্রশাসন কি পদক্ষেপ গ্রহণ করে।

