ডেস্ক রিপোর্টার, ২৯ আগস্ট।।
সম্প্রতি দাদা বিপ্লব সর্ব ভারতীয় কমিটিতে স্থান পেয়েছেন। তখন খুশিতে আত্মহারা হয়ে উঠেছেন ছোট ভাই তথা বিশালগড়ের রাজনৈতিক অভিভাবক! তিনি নেচেছেন, গেয়েছেন ও বাজি ফুটিয়েছেন। তারপর হঠাৎ তাঁর বধোদয় হয়েছে। করেছে রাজনীতির অঙ্ক। কিন্তু হিসেবে বারবার লাগছে গোলমাল।দাদা বিপ্লব সর্ব ভারতীয় কমিটিতে স্থান পেলেও রাজ্য রাজনীতিতে কতটা প্রাসঙ্গিক থাকবেন?
নানান কারণে ইদানীং দিদি প্রতিমার উপরও ভরসা রাখতে পারছেন না বিশালগড়ের ভাই। আর তা নিয়েই বিশালগড়ের রাজনৈতিক অভিভাবকের খটকা লাগে। এই খটকা থেকেই ভবিষ্যত রাজনীতির কথা ভেবে তিনি দাদা বিপ্লব ও দিদি প্রতিমাকে আলবিদা দিতে চলছেন। এবং চাইছেন মানিক শিবিরে নাম লেখাতে। এই সংক্রান্ত প্রচুর তথ্য প্রমাণও রয়েছে জনতার মশাল- র হাতে।
বিশালগড় গৈরিক শিবিরে অন্দর মহলের তথ্য বলছে, শিবির পরিবর্তনের জন্য তিনি আদা – জল খেয়ে মাঠে নেমেছে।দৌড় শুরু করেছেন একজন পেশাদারী অ্যাথলেটের মতো।যাচ্ছেন নানান জনের দরজায়, দরজায়।বলছেন,” আমি মানিকদার শিবিরে ঢুকতে চাই। বিপ্লব দা ও প্রতিমাদির আর থাকতে চাই না। তাদের সঙ্গে থাকলে আমার আগামী দিনের রাজনৈতিক ভবিষ্যত নষ্ট হয়ে যাবে।”
রাজনীতিকরা বলেছেন, শিবির পরিবর্তন না করলে ২৮- র রাজনৈতিক যোদ্ধাদের তালিকায় নাম নাও থাকতে পারে বিশালগড়ের বর্তমান রাজনৈতিক অভিভাবকের।এই আশঙ্কা তাড়া করছে তাকে। স্বাভাবিক ভাবেই তিনি ব্যস্ত হয়ে উঠেছেন রাজনীতির লগারিদমের নতুন অঙ্ক কষতে।

