তেলিয়ামুড়া ডেস্ক, ৪ সেপ্টেম্বর।।
     ১১ দফা দাবিকে সামনে রেখে ফের প্রাক্তন জঙ্গিরা স্তব্ধ করে দিলো  রাজ্যের “লাইফ লাইন” আসাম – আগরতলা জাতীয় সড়ক। সঙ্গে অবশ্যই রেলপথও।রাজ্যের আত্মসমর্পণকারী সাতটি বৈরী সংগঠন NLFT(ORI), NLFT(PD), ATTF, NLFT(NB), JARC, JAC এবং ATTF(OLD)— যৌথ ভাবে পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী  শুক্রবার ভোর থেকেই ৭২ ঘণ্টার জন্য ত্রিপুরা বনধের ডাক দেয়। তবে বনধ কেন্দ্র করে এখনো কোনো অপ্রীতিকর ঘটনা ঘটে নি। পরিস্থিতি স্বাভাবিক রাখতে আন্দোলনস্থল বড়মুড়াতে মোতায়েন করা হয়েছে অতিরিক্ত নিরাপত্তা বাহিনী।
    


তথ্য অনুযায়ী, এদিন ভোরে বড়মুড়া চন্দ্র সাধুপাড়া এলাকায় জড়ো হয় প্রাক্তন জঙ্গি ও তাদের পরিবারের লোকজন। তারা অবরোধ করে জাতীয় সড়ক। একই সঙ্গে বৃগুদাস পাড়াতে রেল পথ অবরোধ করে। বড়মুড়া চন্দ্র সাধু পাড়ার পাশাপাশি খোয়াই চৌমুহনীতে অবরোধ করে সড়ক। প্রাক্তন জঙ্গিরা জাতীয় সড়কে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ প্রদর্শন করে। তাদের আন্দোলনের ফলে জাতীয় সড়কে বন্ধ হয়ে যায় যান চলাচল। চলাচল করে নি রেল। জাতীয় সড়কে দুই পাশে সারিবদ্ধ ভাবে দাঁড়িয়ে থাকে যান বাহন। চরম দুর্ভোগ পোহাতে হয় যাত্রী ও পথচারীদের।


অবরোধের খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছান পশ্চিম ত্রিপুরা জেলা পুলিশ সুপার নমিত পাঠক। পুলিশ ও প্রশাসনের আধিকারিকরা পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন এবং অবরোধকারীদের সঙ্গে আলোচনা করে পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা করছেন। তবে খবর লেখা পর্যন্ত এখনো গলে নি বরফ। আন্দোলনকারীদের বক্তব্য, ১১ দফা দাবি পূরণ না হওয়া পর্যন্ত ৭২ ঘণ্টার এই অবরোধ কর্মসূচি চালিয়ে যাবে তারা ।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *