ডেস্ক রিপোর্টার, ৪ সেপ্টেম্বর।।
         এডিসি ভিসি নির্বাচনকে ঘিরে উত্তপ্ত রাজ্যের রাজনৈতিক আবহাওয়া। শাসক জোটের অন্দরমহলে চরম টানাপোড়ন!একদিকে বিজেপির সাধারণ সম্পাদক বি এল সন্তোষের রাজ্য সফর, আর অন্যদিকে তিপ্রামথা সুপ্রিমো প্রদ্যোত কিশোর দেববর্মনের স্পষ্ট হুঙ্কার—”তিপ্রাসা একর্ড বাস্তবায়ন না হলে কোনো নির্বাচনী জোট নয়”। পরিস্থিতির আকস্মিকতায় মুখ্যমন্ত্রী ডঃ মানিক সাহাকে জরুরি তলব হাইকম্যান্ডের। নয়াদিল্লিতে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের দরবারে সম্ভাব্য বৈঠক ঘিরে এখন তুঙ্গে জল্পনা।প্রশ্ন উঠছে, রাজ্যে শাসক জোটের রণকৌশল কোন দিকে মোড় নিচ্ছে?জোটের দুই দলের সম্ভাব্য রাজনৈতিক রণকৌশল কি হতে পারে?

বিজেপির সম্ভাব্য পলিটিক্যাল স্ট্র্যাটেজি

উপজাতি এলাকায় একক শক্তিতে জয় পাওয়া বিজেপির জন্য চ্যালেঞ্জিং।তিপ্রামথাকে সঙ্গে নিয়েই নির্বাচনে যেতে মরিয়া পদ্ম শিবির।’তিপ্রাসা একর্ড’ বাস্তবায়নে কেন্দ্র কতদূর প্রতিশ্রুতিবদ্ধ? তার একটি লিখিত রোডম্যাপ বা সময়সীমার আশ্বাস দিয়ে প্রদ্যোতকে জোটে রাজি করানো।
দীর্ঘমেয়াদী রাজনৈতিক স্থিতিশীলতা নিশ্চিত করতে দিল্লিতে যৌথ বৈঠকের মাধ্যমে সমস্ত ক্ষোভ প্রশমিত করা।

তিপ্রামথার সম্ভাব্য রণকৌশল

কোনো রাজনৈতিক সমঝোতার আগে জনজাতিদের সাংবিধানিক অধিকার ও ‘তিপ্রাসা একর্ড’র সুনির্দিষ্ট অগ্রগতি চায় মথা।জোট না হলেও মথা  ৪,৫৯৯টি আসনেই এককভাবে লড়ার প্রস্তুতি।বিজেপির ওপর রাজনৈতিক চাপ সৃষ্টি করে নিজেদের দাবি আদায় করাই প্রদ্যোতের মূল কৌশল।যাই হোক না কেন,দিল্লির স্বরাষ্ট্রমন্ত্রকের দরবারে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ,মুখ্যমন্ত্রী মানিক সাহা এবং মথা সুপ্রিমো প্রদ্যোত কিশোরের এই ত্রিপাক্ষিক বৈঠকই ঠিক করে দেবে রাজ্য ভিসি নির্বাচনের ভাগ্যরেখা। জোট টিকিয়ে রাখতে বিজেপি নমনীয় হবে, নাকি নিজের শর্তে অনড় থেকে একলা চলার পথে হাঁটবেন প্রদ্যোত? উত্তর লুকিয়ে রয়েছে দিল্লির হাইকম্যান্ডের আলোচনার ভেতরেই।আর সেদিকেই নজর রাজনৈতিক মহলের।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *