ডেস্ক রিপোর্টার, ৪ সেপ্টেম্বর।।
          এডিসি-র আসন্ন ভিলেজ কমিটি নির্বাচনকে কেন্দ্র করে রাজ্যের রাজনৈতিক সমীকরণে নতুন জোর জল্পনা শুরু হয়েছে। ক্ষমতার ভারসাম্য বজায় রাখতে শাসক দল বিজেপি এবং তিপ্রা মথা পার্টির মধ্যে আসন ভাগাভাগি নিয়ে জল্পনা এখন তুঙ্গে। সূত্রের দাবি, জনজাতির জমি সংক্রান্ত অধিকার এবং ত্রিপা চুক্তি দুই দফায় বাস্তবায়নের বিষয়েও উভয় দলের মধ্যে প্রাথমিক স্তরে ইতিবাচক আলোচনা হয়েছে।
     শুক্রবার নয়াদিল্লিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের বাসভবনে এক গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়। এই হাই-প্রোফাইল বৈঠকে উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী ড. মানিক সাহা, তিপ্রা মথা পার্টির প্রতিষ্ঠাতা প্রদ্যোত কিশোর মাণিক্য দেববর্মা এবং বিজেপির উত্তর-পূর্বাঞ্চলীয় সমন্বয়ক ড. সম্বিত পাত্র।
তবে বৈঠকের অভ্যন্তরীণ সব চিত্র এখনো পুরোপুরি স্পষ্ট নয়। দলীয় সূত্রে খবর, তিপ্রামথার বিধায়ক রঞ্জিত দেববর্মা এবং মন্ত্রী বৃষকেতু দেববর্মা দিল্লিতে অবস্থান করলেও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে আয়োজিত এই মূল বৈঠকে তাঁরা উপস্থিত ছিলেন না।
      সে যাই হোক,ভিলেজ কমিটি নির্বাচনে আসন সমঝোতা, ষষ্ঠ তপশিলের আওতায় জমি সংক্রান্ত অধিকার কিংবা ত্রিপা চুক্তির পূর্ণাঙ্গ রূপায়ণ নিয়ে এখনো পর্যন্ত কোনো পক্ষের তরফেই কোনো আনুষ্ঠানিক ঘোষণা করা হয়নি। রাজ্যবাসীর দৃষ্টি এখন মুখ্যমন্ত্রীর আগরতলা প্রত্যাবর্তনের দিকে। আগামীকাল তিনি রাজ্যে ফিরে এই বৈঠকের বিষয়ে কী বার্তা দেন, তার ওপরই নির্ভর করছে রাজ্য রাজনীতির ভবিষ্যৎ দিকনির্দেশনা।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *