ডেস্ক রিপোর্টার, ৭ সেপ্টেম্বর।।
পাহাড়ের আসন্ন গ্রাম পরিষদ নির্বাচনে বিজেপি – মথা ও আইপিএফটি জোট হয়ে লড়াই করবে। অর্থাৎ নির্বাচনে এনডিএ বনাম সিপিআইএমের মধ্যে হবে মূল লড়াই। ময়দানে কংগ্রেস থাকলেও পাহাড়ে তাদের শক্তি দূরবীন দিয়ে দেখতে পাওয়াও দুষ্কর।
এই পরিস্থিতিতে এনডিএ জোটের লড়াইয়ের স্ক্রিপ্ট দিল্লিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর অমিত শাহের দরবারে চূড়ান্ত হয়ে যায়। এবার পালা আসন বণ্টনের। আসন বন্টন নিয়ে সোমবার শহরের একটি হোটেলে এনডিএ জোটের নেতারা বৈঠক করেন। এই বৈঠকে বিজেপির পক্ষে উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী রতনলাল নাথ, মন্ত্রী সুশান্ত চৌধুরী, মন্ত্রী টিংকু রায়, প্রদেশ বিজেপির সাধারণ সম্পাদক বিপিন দেববর্মা। অন্যদিকে তিপ্রামথার পক্ষে ছিলেন দলের অন্যতম নেতা বিধায়ক রঞ্জিত দেববর্মা, মন্ত্রী বৃষকেতু দেববর্মা, এডিসির মুখ্য কার্য নির্বাহী রুনিয়েল দেববর্মা।
বৈঠক শেষে রাজ্য মন্ত্রিসভার সিনিয়র সদস্য রতন লাল নাথ বলেন, গ্রাম পরিষদ নির্বাচনে ৪ হাজার ৫ শ ৯৭টি আসনে এনডিএ জোট লড়াই করবে। বৈঠকে আসন বন্টন হয়ে গিয়েছে। অর্থাৎ জোটের কোন দল কয়টিতে লড়াই করবে তার রূপরেখা তৈরি।
রতন লাল নাথের বক্তব্য, মঙ্গলবার থেকে এনডিএ- র প্রার্থীরা তাদের মনোনয়ন পত্র জমা করবেন।
মন্ত্রী রতন লাল নাথের কথায়, মঙ্গলবারেই আনুষ্ঠানিক ভাবে এনডিএ জোট যৌথ ভাবে তাদের প্রার্থীর তালিকা ও আসন বন্টনের বিষয়টি প্রকাশ্যে নিয়ে আসবে। এই সাংবাদিক বৈঠকে খোদ মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা ও মথা প্রধান প্রদ্যুৎ কিশোর দেববর্মন উপস্থিত থাকতে পারেন।

