তেলিয়ামুড়া ডেস্ক, ৮ সেপ্টেম্বর।।
রাজ্য জুড়ে আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে কেন্দ্র করে তুঙ্গে উঠেছে রাজনৈতিক পারদ। মসনদ দখলের লড়াইয়ে প্রস্তুতি সারতে নেমে পড়েছে শাসক-বিরোধী সব পক্ষই। পিছিয়ে নেই রাজ্যের ক্ষমতাসীন দল ভারতীয় জনতা পার্টিও।
তেলিয়ামুড়া বিধানসভা এলাকায় বিজেপির জোটসঙ্গী তিপ্রা মথার সঙ্গে সমঝোতার ভিত্তিতে আসন ভাগাভাগি শেষ হয়েছে। মঙ্গলবার তেলিয়ামুড়া আর.ডি ব্লকে বিজেপির মনোনীত ১০টি কেন্দ্রের প্রার্থীরা আনুষ্ঠানিকভাবে তাঁদের মনোনয়নপত্র দাখিল করে।মনোনয়ন জমাকে কেন্দ্র করে দলীয় কর্মী-সমর্থকদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়। তেলিয়ামুড়ার বিধায়িকা কল্যাণী সাহা রায়ের নেতৃত্বে আয়োজন করা হয় এক সুসজ্জিত ও বর্ণাঢ্য মিছিলের। দলীয় পতাকায় সজ্জিত এই জাঁকজমকপূর্ণ র্যালি সহকারে প্রার্থীরা ব্লকে গিয়ে একে একে মনোনয়নপত্র জমা দেন। এই কর্মসূচির মাধ্যমে বিজেপির পক্ষ থেকে শক্তিমত্তার মহড়া দেওয়ার পাশাপাশি নির্বাচনী ময়দানে দলীয় সংগঠনকে আরও সুসংহত করার বার্তা দেওয়া হয়।শুনুন বিধায়িকা কল্যাণী সাহা রায় এর বক্তব্য।
বিজেপির এদিনের এই বিশেষ কর্মসূচিতে বিধায়িকা কল্যাণী সাহা রায় ছাড়াও তেলিয়ামুড়া পুর পরিষদের চেয়ারম্যান রুপক সরকার, মণ্ডল সভাপতি অচিন্ত্য ভট্টাচার্য, মণ্ডলের সাধারণ সম্পাদক নন্দন রায় সহ স্থানীয় অন্যান্য নেতৃত্ব ও বিপুল সংখ্যক কর্মী-সমর্থক সক্রিয়ভাবে অংশ নেন।

