ডেস্ক রিপোর্টার, ৮ সেপ্টেম্বর।।
     এডিসির গ্রাম পরিষদ নির্বাচনের মনোনয়ন পত্র দাখিলের শেষ দিন ছিল মঙ্গলবার।এদিন বিভিন্ন ব্লকে প্রত্যাশীরা তাদের মনোনয়ন পত্র দাখিল করেছেন।তবে মনোনয়ন পত্র দাখিলের বাধাদানের অভিযোগ তুলেছে বামেরা।এদিন খোয়াই জেলা সিপিএম কার্যালয়ে আয়োজিত সাংবাদিক সম্মেলনে পদ্মবিল ব্লকে মনোনয়ন জমা দেওয়ার সময় তিপ্রা মথার কর্মী-সমর্থকদের বিরুদ্ধে হামলার অভিযোগ তুলেছে বাম নেতৃত্ব। সিপিএম খোয়াই জেলা সম্পাদক পদ্মকুমার দেববর্মা অভিযোগ করেন, তুলাশিখর ও পদ্মবিল—এই দুটি ব্লকের সবকটি আসনে বামফ্রন্ট প্রার্থী দেওয়ার জন্য প্রস্তুত ছিল। তবে ব্লক প্রাঙ্গণে পৌঁছালে তিপ্রা মথা নেতৃত্ব ও কর্মীরা তাঁদের বাধা দেয়, ধাক্কাধাক্কি করে এবং তাড়িয়ে দেয়।
   বামেদের এই ঘটনার তীব্র বিরোধিতা করে প্রশাসন ও নির্বাচন কমিশনের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তোলা হয়। অভিযোগ করা হয়, বিরোধী প্রার্থীদের গণতান্ত্রিক অধিকার রক্ষায় প্রশাসন সম্পূর্ণ ব্যর্থ।
এই ঘটনার প্রতিবাদে সিপিএম মহকুমা কমিটির পক্ষ থেকে খোয়াইয়ের অতিরিক্ত মহকুমা শাসকের কাছে ডেপুটেশন প্রদান করা হয় এবং জেলা পুলিশ সুপারের কাছে লিখিত অভিযোগ জানানোর সিদ্ধান্ত নেওয়া হয়। সেইসাথে বাম নেতৃত্বের মূল দাবি—স্ক্রুটিনির সময় প্রশাসন যেন নিরপেক্ষ ভূমিকা পালন করে প্রতিটি প্রার্থীর নিরাপত্তা নিশ্চিত করে।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *