ডেস্ক রিপোর্টার, ২১ জুলাই।।
প্রদেশ সভাপতি অভিষেক দেবরায়ের নেতৃত্বে গঠিত হলো বিজেপির নতুন রাজ্য কমিটি। নবগঠিত কমিটিতে ছয়জন সহ- সভাপতি। তিন জন সাধারণ সম্পাদক। ছয় জন সম্পাদক। একজন কোষাধক্ষ্য। একজন যুগ্ম কোষাধক্ষ্য ও একজন অফিস সম্পাদক। সভাপতি ব্যতীত প্রাথমিক ভাবে মোট ১৮ জনের রাজ্য কমিটির ঘোষণা দিয়েছে কুশাভাউ ভবন। পুরাতন কমিটির সাধারণ সম্পাদক অমিত রক্ষিতকে সহ – সভাপতি করা হয়েছে। তার জায়গায় এসেছেন নতুন মুখ চন্দন দেবনাথ। তিনি নতুন সাধারণ সম্পাদক। আগের কমিটির দুইজন সাধারণ সম্পাদক ভগবান দাস ও বিপিন দেববর্মা নিজেদের পদে বহাল নতুন কমিটিতেও। প্রদেশ মহিলা মোর্চার সভানেত্রীর পদ থেকে সরানো হয়েছে মিমি মজুমদারকে। তাকে করা হয়েছে প্রদেশ সম্পাদিকা। প্রদেশ যুব মোর্চার সভাপতির দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে বিশালগড়ে বিধায়ক সুশান্ত দেবকে। তার জায়গাতে যুব মোর্চার নতুন প্রদেশ সভাপতি হয়েছেন অরিন্দম দেব।

প্রদেশ মহিলা মোর্চার সভানেত্রীর দায়িত্ব দেওয়া হয়েছে মৌসুমী দাসকে। জনজাতি মোর্চার সভাপতি করা হয়েছে অভিজিৎ দেববর্মাকে। এসসি মোর্চার সভাপতির দায়িত্বে এসেছেন কর্পোরেটর বাপি দাস। কিষাণ মোর্চার সভাপতি হয়েছেন প্রদীপ বরণ রায় এবং মাইনরিটি মোর্চার দায়িত্বে বিল্লাল মিয়া।
বিজেপির দুর্দিনের কর্মী মৌসুমী দাসকে মহিলা মোর্চার সভানেত্রীর দায়িত্ব দেওয়াতে প্রতাগগড়ে বিজেপির রাজনীতিতে শুরু হয়েছে নতুন সমীকরণ। মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা ও সভাপতি অভিষেক দেবরায় বুঝিয়ে দিয়েছেন আগামী দিনে প্রতাপগড়ে নিশ্চিত অস্তমিত রেবতী দাস ও তার ছেলে কিশোর দাস। একই সঙ্গে মিমি মজুমদারের সংসদীয় রাজনৈতিক জীবনেও কালো আভা আরো ঘন হচ্ছে। একই ভাবে যুব নেতা কর্পোরেটর বাপি দাসকে এস সি মোর্চার সভাপতি করে বার্তা দেওয়া হয়েছে বাধারঘাটের বিধায়িকা মিনা সরকারকেও। আগামী দিনে যে বাপি মিনাকে উই পোকার মতো ধংস করবে, এটা নিশ্চিত রাজনৈতিক মহল। বিশালগড়ের যুব নেতা তথা টিআইডিসির নবাদল বণিককে প্রদেশ সম্পাদক করা হয়েছে। এবং প্রদেশ যুব মোর্চার সভাপতির পদ থেকে ছেটে দেওয়া হয়েছে বিশালগড়ে বিধায়ক সুশান্ত দেবকে।এক্ষেত্রেও বিশালগড় বিজেপি রাজনীতির ক্যানভাসেও নতুন সমীকরণের আভা।

সব মিলিয়ে অভিষেক দেবরায়ের নেতৃত্বাধীন নতুন প্রদেশ কমিটিতে রাজ্যের মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহার লবির প্রাধান্য বেশি বলেই মনে করছেন বিজেপির রাজনীতির প্রাজ্ঞরা। অর্থাৎ ২০২৮ সালের বিধানসভা নির্বাচনকে সামনে রেখেই যে ঘর সাজানোর কাজ শুরু করেছেন মানিক – অভিষেক জুটি, তা বলার অপেক্ষা রাখে না।

