Oplus_16908288

কৈলাসহর ডেস্ক,২০ আগস্ট।।
       রান্নার গ্যাস সিলিন্ডার লিক করে কৈলাসহরে ঘটে গেল এক ভয়াবহ অগ্নিকাণ্ড। বুধবার রাত আনুমানিক ৯টা ৩০ মিনিট নাগাদ কৈলাসহর গৌরনগর আর.ডি. ব্লকের অন্তর্গত ধলিয়ারকান্দি গ্রাম পঞ্চায়েতের ৫ নম্বর ওয়ার্ডের বাসিন্দা বিধান চৌধুরীর বাড়িতে আচমকাই আগুন ধরে যায়।
প্রাথমিক অনুমান, বিধানবাবুর মেয়ে নমিতা চৌধুরীর ঘরে গ্যাস সিলিন্ডার লিকেজের কারণেই এই আগুনের সূত্রপাত। মুহূর্তের মধ্যে আগুনের লেলিহান শিখা গোটা বাড়িতে ছড়িয়ে পড়ে, যার ফলে তীব্র আতঙ্ক সৃষ্টি হয় পুরো এলাকায়। খবর পাওয়ার পরপরই ঘটনাস্থলে পৌঁছায় দমকলের একটি দল।
দমকল কর্মী ও স্থানীয় বাসিন্দাদের যৌথ তৎপরতায় শেষ পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে আসে। সময়মতো দমকল পৌঁছানোয় আগুন আশপাশের বাড়িতে ছড়াতে পারেনি। অগ্নিকাণ্ডে কোনো হতাহতের খবর না থাকলেও, ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো স্পষ্ট নয়।
দমকল ও পুলিশ প্রশাসন পুরো ঘটনার তদন্ত শুরু করেছে। সিলিন্ডার লিক নাকি অন্য কোনো কারণে আগুন লেগেছে, তা তদন্তের পরই নিশ্চিত হওয়া যাবে।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *