তেলিয়ামুড়া ডেস্ক, ১০ জুলাই।
          একের পর এক অভিযোগে জর্জরিত তেলিয়ামুড়ার নেতাজি নগরস্থিত ‘শ্রী রামকৃষ্ণ ইঞ্জিনিয়ারিং ওয়ার্কস’ নামক মহিন্দ্রা ই-রিক্সা শোরুমটি। দীর্ঘদিন ধরে জমে থাকা গ্রাহক অসন্তোষের অবসান ঘটিয়ে শুক্রবার ই-রিক্সা চালকরা শোরুমে এসে তীব্র ক্ষোভ প্রকাশ করেন। গ্রাহক হয়রানি, বিক্রয়োত্তর পরিষেবায় চরম অব্যবস্থা, রেজিস্ট্রেশনের নামে টালবাহানা এবং সার্ভিসিং-এর নামে অতিরিক্ত অর্থ আদায়—সব মিলিয়ে শুক্রবার রীতিমতো উত্তপ্ত হয়ে ওঠে শোরুম চত্বর।
সামান্য যান্ত্রিক ত্রুটি দেখা দিলেও তেলিয়ামুড়ায় কোনো স্থায়ী সার্ভিসিংয়ের ব্যবস্থা নেই। চালকদের কখনও আগরতলায় গাড়ি নিয়ে যেতে বলা হয়, আবার কখনও দুই থেকে তিন দিন অপেক্ষা করতে বলা হয় যাতে আগরতলা থেকে মেকানিক এসে কাজ করতে পারেন। এর ফলে দৈনিক আয়ের উপর নির্ভরশীল গরিব চালকদের চরম আর্থিক ক্ষতির মুখে পড়তে হচ্ছে।
শুধু সার্ভিসিং নয়, নতুন ই-রিক্সা কেনার পর রেজিস্ট্রেশনের ক্ষেত্রেও সীমাহীন হয়রানির শিকার হচ্ছেন গ্রাহকরা। অভিযোগ, মাসের পর মাস ঘোরানোর পরও রেজিস্ট্রেশন দেওয়া হচ্ছে না। যার ফলে তেলিয়ামুড়া শহর জুড়ে বহু ই-রিক্সা সম্পূর্ণ ঝুঁকিপূর্ণ ও বেআইনিভাবে চলাচল করতে বাধ্য হচ্ছে।
এই ঘটনাকে কেন্দ্র করে বর্তমানে গোটা তেলিয়ামুড়া মহকুমা জুড়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। এখন দেখার, প্রশাসন এই বেআইনি কারচুপির বিরুদ্ধে কী পদক্ষেপ গ্রহণ করে।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *