স্পোর্টস ডেস্ক, ১৮ আগস্ট।।
রাখাল শিল্ডের উদ্বোধনী ম্যাচে পরাজয় ঘটলো শেষ বারের চ্যাম্পিয়ন ফরোয়ার্ড ক্লাবের। ট্রাইবেকারে লালবাহাদুর ব্যায়ামাগারের কাছে ৪-১ গোলে পরাজিত হয়ে আসর থেকে বিদায় নেয় ফরোয়ার্ড। অন্য দিকে এই জয়ের সুবাদে টুর্নামেন্টের শেষ চারে পৌঁছে যায় লাল বাহাদুর।
ফ্লাড লাইটে উমাকান্ত মিনি স্টেডিয়ামে অনুষ্ঠিত
এই হাইভোল্টেজ ম্যাচের প্রথমার্ধে ৩৭ মিনিটে লাল বাহাদুরকে ১-০ গোলে এগিয়ে দেন লালমাংগা হি জুয়ালা। পিছিয়ে থেকে ফরোয়ার্ড ঝাঁপিয়ে পড়ে সর্ব শক্তি নিয়ে। কিন্তু প্রথমার্ধে ফরোয়ার্ড ক্লাবের ফুটবলারারা লাল বাহাদুরের রক্ষণভাগ ভেদ করতে পারে নি।
দ্বিতীয়ার্ধে মাঠে নেমেই ফরোয়ার্ড ক্লাবের ফুটবলারারা লালবাহাদুরের বক্সে আক্রমণ শানায়। শেষ পর্যন্ত দ্বিতীয়ার্ধের ৩০ মিনিটে জোনির গোলে সমতা ফেরায় ফরোয়ার্ড। তখন ম্যাচের ফলাফল হয় ১-১। নির্ধারিত সময়ে ম্যাচ অমীমাংসিত ভাবে শেষ হয়। খেলা গড়ায় অতিরিক্ত সময়ে।অতিরিক্ত সময়ে শুরুতেই লালবাহাদুর ব্যায়ামাগার গোল করে ম্যাচে ব্যবধান বাড়িয়ে ২-১ করে নেয়। তবে এই গোল বেশিক্ষণ ধরে রাখতে পারেনি লালবাহাদুর। পাল্টা কাউন্টার অ্যাটাকে গিয়ে ফরোয়ার্ড ক্লাব গোল করে। তখন ম্যাচের ফলাফল হয় ২-২। অতিরিক্ত সময়ে ম্যাচ অমীমাংসিত থাকায় ম্যাচ গড়ায় ট্রাইবেকার। শেষ পর্যন্ত সোমবার রাতের ম্যাচে ট্রাইবেকারে ৪-১ গোলে পরাজিত হয়ে আসর থেকে ছিটকে যায় ফরোয়ার্ড।আগামী ২০ আগষ্ট রাখাল শিল্ড নক আউট ফুটবলের প্রথম সেমিফাইনাল খেলবে লালবাহাদুর ব্যায়ামাগার। প্রতিপক্ষ এগিয়ে চলো সংঘ।

