স্পোর্টস ডেস্ক, ২৪ আগস্ট।।
স্পিড স্টার অভিজিৎ সরকারের আগুনে ঝলসে গেলো পূর্বোত্তর জোন দল। সরাসরি জয় পেয়ে সেমিফাইনালে যাওয়ার স্বপ্ন দেখতে শুরু করেছে পূর্বাঞ্চল দল। দলীপ ট্রফি ক্রিকেটে। ব্যাঙ্গালুরুতে অনুষ্ঠিত ম্যাচের দ্বিতীয় দিনে পূর্বোত্তর দলের উপর কার্যত স্ট্রিম রোলার চাপান ত্রিপুরার অভিজিৎ সরকার। অভিজিতের আগুন ঝরানো বোলিং এর সামনে তেমনভাবে মাথা তুলে দাঁড়াতে পারেননি পূর্বোত্তর জোনের ব্যাটসম্যানরা। দ্বিতীয় দিনের শেষে চালকের আসনে পূর্বাঞ্চল দল। পূর্বাঞ্চলের ৪৬৭ রানের জবাবে পূর্ব উত্তর দল প্রথম ইনিংসে মাত্র ১১১ রান করেছিল। ৩৫৫ রানে পিছিয়ে থেকে ফলো আনে খেলতে নেমে দ্বিতীয় দিনের শেষে কোনও উইকেট না হারিয়ে পূর্বোত্তর দল ৭ রান করে। এখনও পিছিয়ে রয়েছে ৩৪৮ রানে। প্রথম দিনের ৬ উইকেটে ৩৫৫ রান নিয়ে খেলতে নেমে সোমবার আরও ১১২ রান যোগ করে পূর্বাঞ্চল দল। শাহবাজ আহমেদ ১৬৭ রান করেন। ত্রিপুরার অভিজিৎ সরকার ৯ রানে অপরাজিত থেকে যান। জবাবে খেলতে নেমে অভিজিৎ এবং শাহবাজ আহমেদের দুরন্ত বোলিংয়ের সামনে ভেঙ্গে পড়ে পূর্বোত্তর দল। মাত্র ১১১ রান করতে সক্ষম হয়েছে। দলের পক্ষে এ এস ভাতেবারা ৩২ রান করেন। অভিজিৎ সরকার ২০ রানে ৫ উইকেট তুলে নিয়ে বিপক্ষের মেরুদন্ড ভেঙ্গে দেন। এছাড়া শাহবাগ ২০ রানে তিনটি উইকেট দখল করেন। ৩৫৫ রানে পিছিয়ে থেকে ফলোঅনে ব্যাট করতে নেমে দ্বিতীয় দিনের শেষে কোনও উইকেট না হারিয়ে ৭ রান করে পূর্বোত্তর দল।

