স্পোর্টস ডেস্ক, ১০ জুলাই।।
প্রত্যাশিতভাবেই চ্যাম্পিয়ন হলো জম্পুইজলা প্লে সেন্টার । এবং আগামী বছর দ্বিতীয় ডিভিশন লিগ ফুটবলে খেলার ছাড়পত্র অর্জন করে নিলো। সুপার ফোরে অপরাজিত থেকে শিরোপা দখল করলেন সুবোধ দেববর্মা – র জম্পুইজলা প্লে সেন্টার । শুক্রবার খেতাব নির্ণায়ক ম্যাচে জম্পুইজলা প্লে সেন্টার কার্যত বিধ্বস্ত করে ভারত রত্ন সংঘকে। রাজ্য ফুটবল সংস্থা আয়োজিত লংতরাই তৃতীয় ডিভিশন লিগ ফুটবলে। উমাকান্ত মিনি স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে জম্পুইজলা প্লে সেন্টার ৫-০ গোলে হারিয়ে দেয় ভারত রত্ন সংঘকে। বিজয়ী দলের সাগর ত্রিপুরা জোড়া গোল করেন। খেতাব জয় করতে এদিন এক পয়েন্ট দরকার ছিল জম্পুইজলা প্লে সেন্টারের। ভারত রত্ন সংঘকে রুখে দিতে পারলেই খেতাব জয় করে নিতে পারতো জম্পুইজলা প্লে সেন্টার । কিন্তু সেই পথে হাঁটেননি সুখ দয়াল রা। পুরো পয়েন্ট এর লক্ষ্যে শুরু থেকেই আক্রমাত্মক ফুটবল খেলতে থাকেন পহর জমাতিয়া- রা। তাতেই নাজেহাল হয়ে পারেন সুজিত ঘোষের দল ভারত রত্ন সংঘের রক্ষণভাগের ফুটবলাররা। শুরুতে কিছুটা লড়াই করার মানসিকতা দেখালেও ম্যাচ যত এগিয়েছে ততই পিছিয়ে পড়ছে দেখা যায় ভারত রত্ন সংঘের ফুটবলারদের। সুপারে টানা তিন ম্যাচে পরাজিত হয়ে ভারত রত্ন সংঘ চতুর্থ স্থান দখল করে আসর শেষ করেছে। ম্যাচ শুরুর ৩০ মিনিটের মাথায় প্রথম গোল পেয়ে যায় জম্পুইজলা প্লে সেন্টার । গোলটি করেন কেওয়ান কলই। গোল পেতেই আক্রমণের গতি আরও বাড়িয়ে দেন জম্পুইজলা প্লে সেন্টারের ফুটবলাররা। প্রথমার্ধের খেলা শেষ হওয়ার ৩ মিনিট আগে ব্যবধান বাড়ান সাগর ত্রিপুরা। দ্বিতীয়ার্ধে ম্যাচে লাগাম পুরো নিজেদের হাতে তুলে দেন জম্পুইজলা প্লে সেন্টারের ফুটবলাররা। ৭০ মিনিটে সুখ দয়াল জমাতিয়া, ৭৫ মিনিটে পহর জমাতিয়া এবং ৭৭ মিনিটে সাগর ত্রিপুরা গোল করেন। তবে ব্যবধান আরও বাড়াতে পারতেন জম্পুইজলা প্লে সেন্টারের ফুটবলাররা। যদি না বেশ কয়েকটি সহজ সুযোগ হেলায় নষ্ট না করতেন। খেলা পরিচালনা করেন বিপ্লব সিনহা। খেলা শেষে মাঠেই বিজয়োল্লাসে মেতে ওঠেন বিজয়ী দলের ফুটবলার থেকে কর্মকর্তারা। কোচ সুবোধ দেববর্মা দলীয় ফুটবলারদের পারফরমেন্সে খুশি। বলেন, ছেলেদের যে ভাবে বলা হয়েছে সেই ভাবেই খেলেছে। দীর্ঘ দিনের পরিশ্রমের সুফল পাওয়া গেছে।

