ডেস্ক রিপোর্টার, ২৫ আগস্ট।।
ত্রিপুরা মেডিকেল কলেজ ও ডাঃ বি. আর. আম্বেদকর মেমোরিয়াল হাসপাতালের ২১তম প্রতিষ্ঠা দিবস পালিত হলো মঙ্গলবার। মূল অনুষ্ঠান হয় কলেজের বিবেকানন্দ অডিটোরিয়ামে। এই অনুষ্ঠানের উদ্বোধক ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী তথা স্বাস্থ্য মন্ত্রী ডাঃ মানিক সাহা।অনুষ্ঠানে উপস্থিত ফ্যাকাল্টি সদস্য ও ছাত্র-ছাত্রীদের উদ্দেশে বক্তব্য রাখেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, আগরতলা গভঃ মেডিকেল কলেজ ও জিবিপি হাসপাতালের সঙ্গে তাল মিলিয়ে স্বাস্থ্যসেবার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে চলেছে টিএমসি ও ডাঃ বি. আর. আম্বেদকর মেমোরিয়াল হাসপাতাল।এই হাসপাতালে ওপিডি পরিষেবা, মেজর ও মাইনর অপারেশন, ডায়ালিসিস, এন্ডোস্কপি, কোলোনোস্কপি সহ বিভিন্ন চিকিৎসা পরিষেবার পরিসংখ্যান অত্যন্ত ভালো। যে লক্ষ্য ও আকাঙ্ক্ষা নিয়ে এই মেডিকেল কলেজের যাত্রা শুরু হয়েছিল, তা আজ সাফল্যের সঙ্গে বাস্তবায়নের পথে এগিয়ে চলেছে।

