ডেস্ক রিপোর্টার, ২৪ আগস্ট।।
এবার ধলাই জেলাতে হবে মেডিক্যাল কলেজ।আমবাসার লালছড়িতে নির্মাণ হবে এইচ.পি ঘোষ মেমোরিয়াল মেডিক্যাল কলেজ। সোমবার এই মেডিক্যাল কলেজের শিলান্যাস ও ভূমি পূজন করেন মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা। প্রায় ২০ একর জমিতে মাথা তুলে দাঁড়াবে মেডিক্যাল কলেজ। এটা নিঃসন্দেহে বড় প্রাপ্তি ধলাই জেলার মানুষের।
অত্যাধুনিক সুবিধাসম্পন্ন এই মেডিক্যাল শিলান্যাস ও ভূমি পূজন করে মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা বলেন, রাজ্যের স্বাস্থ্যসেবাকে উন্নীত করার লক্ষ্যে সরকারের প্রচেষ্টায় সহযোগী হিসেবে এগিয়ে আসছে বিভিন্ন বিনিয়োগকারী সংস্থা। বন্ধন গ্রুপ হাসপাতালটি তৈরী করবে।এই মেডিক্যাল কলেজটি সম্পন্ন হলে এই জেলা সহ সমগ্র ত্রিপুরার স্বাস্থ্যসেবায় এক নতুন পালক সংযুক্ত হবে।
এদিন ধলাই জেলা শাসক কার্যালয় প্রাঙ্গণে ‘স্বপ্নের সিঁড়ি’ সিএলএফ পরিচালিত ‘ধলাই ক্যাফে’র শুভ উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী।স্ব-সহায়ক দলের মহিলাদের এই উদ্যোগ আত্মনির্ভরতার এক উজ্জ্বল দৃষ্টান্ত। তাঁদের পরিশ্রম, দক্ষতা ও উদ্যোগকে আরও এগিয়ে নিয়ে যেতে এই ধরনের কর্মসংস্থানমূলক প্রয়াস গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে মনে করেন মুখ্যমন্ত্রী।

