ডেস্ক রিপোর্টার,২ সেপ্টেম্বর।।
       আসন্ন ভিলেজ কমিটি নির্বাচনকে সামনে রেখে বুধবার অনুষ্ঠিত হয় প্রদেশ বিজেপির সাংগঠনিক বৈঠক। এই বৈঠকে পাহাড়ের গ্রাম পরিষদ নির্বাচনের রণ কৌশল নিয়ে আলোচনা হয়। এবং রাজ্যের জনজাতিদের নানান সমস্যা সমাধানের বিষয়ও উঠে আসে আলোচনায়। এদিনের বৈঠকে উপস্থিত ছিলেন  ভারতীয় জনতা পার্টির সর্বভারতীয় সংগঠন মহামন্ত্রী  বি. এল. সন্তোষ, মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা,সর্বভারতীয় সাধারণ সম্পাদক ও প্রাক্তন মুখ্যমন্ত্রী  বিপ্লব কুমার দেব, উত্তর-পূর্বাঞ্চলের সমন্বয়ক ডাঃ সম্বিত পাত্রা,  সহ-সমন্বয়ক  রাজীব বব্বর প্রদেশ প্রভারী ডা. রাজদ্বীপ রায় , রাজ্যসভার সাংসদ  রাজীব ভট্টাচার্য , প্রদেশ সভাপতি  অভিষেক দেবরায় সহ অন্যান্য নেতৃত্ব।
       পাহাড়ের গ্রাম পরিষদ নির্বাচনের আগে প্রদেশ বিজেপির এই বৈঠক রাজনৈতিক ভাবে যথেষ্ট গুরুত্ব পূর্ণ। কেন্দ্রীয় নেতৃত্বের উপস্থিতিতে এই বৈঠকে তৈরী হয় ভিলেজ ভোটের রোড ম্যাপ। বৈঠক শেষে মুখ্যমন্ত্রী বলেন, ” বৈঠকে ভিলেজ ভোট নিয়ে আলোচনা হয়েছে।  রাজ্যের অনেক বছর কমিউনিস্ট শাসন ছিলো। ক্ষমতায় ছিলো কংগ্রেসও। দলের অনেক কর্মকর্তা সংশ্লিষ্ট দলগুলি থেকে এসেছে। তাদেরকে সিপিআইএম – কংগ্রেসের মানসিকতা থেকে বের হতে হবে।
      বৈঠকে উপস্থিত  বিজেপির সর্ব ভারতীয় সাধারণ সম্পাদক তথা প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব বলেন, বৈঠকে ভিলেজ কমিটি নির্বাচন নিয়ে আলোচনা হয়েছে। বিজেপি আন্তরিক ভাবে জনজাতিদের সমস্যাগুলি দেখে থাকে। নজর রাখা হচ্ছে এই সমস্ত বিষয়ের উপর।
আসন্ন ভিলেজ কমিটি নির্বাচনকে সামনে রেখে কর্মকর্তা নির্মাণ সহ সাংগঠনিক শক্তি আরও সুদৃঢ় করা, জন সংযোগ বৃদ্ধি করার বিষয়েও জোর দেওয়া হয়েছে এদিনের বৈঠকে।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *