তেলিয়ামুড়া ডেস্ক, ১০ আগস্ট।।
         চাকরি বহাল রাখার নাম করে মোটা অঙ্কের টাকা দাবি এবং সরকারি প্রজেক্ট স্থানান্তরের অভিযোগ তুলে পঞ্চায়েত প্রধান ও তাঁর স্বামীর বিরুদ্ধে সরব হলেন স্থানীয় বাসিন্দারা। ঘটনা তেলিয়ামুড়া আর.ডি ব্লকের অন্তর্গত মধ্য কৃষ্ণপুর গ্রাম পঞ্চায়েতের।অভিযোগের তির পঞ্চায়েত প্রধান রত্না প্রভা দাস এবং তাঁর স্বামী তথা বিজেপি খোয়াই জেলা কমিটির সম্পাদক নির্মল সরকারের বিরুদ্ধে।
স্থানীয় সূত্রের দাবি, দীর্ঘ ২৫ বছরেরও বেশি সময় ধরে পাম্প অপারেটর হিসেবে কর্মরত রমেশ বিশ্বাসের বেতন বিগত তিন মাস ধরে আটকে রাখা হয়েছে। কাজ বহাল রাখতে প্রধানের তরফে এক লক্ষ টাকা দাবি করা হয়েছে বলে অভিযোগ।
     গ্রামবাসীদের আরও বক্তব্য, স্বামীর রাজনৈতিক প্রভাবকে কাজে লাগিয়ে পঞ্চায়েতের কাজকর্মে চরম অনিয়ম ও মনমর্জি চালানো হচ্ছে।এরই মাঝে পানীয় জলের সংকট নিরসনে সম্প্রতি ৪ নম্বর ওয়ার্ডে ডি.ডব্লিউ.এস দপ্তরের একটি পাম্প হাউস নির্মাণের কথা ছিল। কিন্তু অভিযোগ, টাকার বিনিময়ে পাম্প হাউসটি অন্য জায়গায় সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। ফলে তীব্র জলকষ্টে ভুগছেন বাসিন্দারা।  ৪ নম্বর ওয়ার্ডের পঞ্চায়েত মেম্বার অনিতা সরকার বিশ্বাস জানান, স্থানান্তরের বিষয়ে তাঁকে কিছুই জানানো হয়নি। প্রশাসনিক কাজে তাঁদের কোনো ভূমিকা নেই বলেও ক্ষোভ উগরে দেন তিনি। অন্যদিকে পঞ্চায়েত সচিবও এ বিষয়ে কোনো স্পষ্ট উত্তর দিতে পারেননি।
     নির্বাচিত প্রতিনিধিদের এই ভূমিকায় প্রশাসনিক ব্যবস্থার ওপর প্রশ্ন তুলছেন সচেতন নাগরিকরা। এখন দেখার, তেলিয়ামুড়া আর.ডি ব্লক কর্তৃপক্ষ মধ্য কৃষ্ণপুর গ্রাম পঞ্চায়েতের এই অনিয়মের বিরুদ্ধে কী পদক্ষেপ গ্রহণ করে।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *