তেলিয়ামুড়া ডেস্ক, ১১ জুলাই।।
শনিবার সন্ধ্যায় অসম-আগরতলা জাতীয় সড়কের বড়মুড়া বনকুমারী মন্দির সংলগ্ন এলাকায় এক বিশালাকার গাছ ভূ-পতিত। জাতীয় সড়কের মাঝ বরাবর গাছটি পড়ে যাওয়াতে বন্ধ হয়ে যায় যান চলাচল। তবে উদ্ধার অভিযানের মাঝেই ঘটে আরও বড় বিপত্তি। গাছ সরানোর সময় দুটি বৈদ্যুতিক খুঁটি ভেঙে পড়ে এবং উচ্চক্ষমতাসম্পন্ন বিদ্যুৎ পরিবাহী তার ছিঁড়ে যায়। সেই তারের সংস্পর্শে এসে এক মহিলা গুরুতর আহত হন। সঙ্গে সঙ্গে তাঁকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়। এছাড়াও ঘটনাস্থলে থাকা একটি মোটরসাইকেল সম্পূর্ণ দুমড়ে-মুচড়ে যায়।
গাছটি সড়কের দুই লেন সম্পূর্ণভাবে অবরুদ্ধ করে ফেলায় উভয় প্রান্তে কয়েক কিলোমিটার দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। যাত্রীবাহী বাস, পণ্যবাহী ট্রাক, অ্যাম্বুলেন্স, ব্যক্তিগত গাড়ি ও মোটরসাইকেল-সহ শতাধিক যানবাহন ঘণ্টার পর ঘণ্টা আটকে পড়ে। চরম দুর্ভোগে পড়েন সাধারণ যাত্রী ও চালকরা।
খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় চম্পকনগর আউটপোস্টের পুলিশ, অগ্নিনির্বাপক বাহিনী এবং বনদপ্তরের কর্মীরা। দীর্ঘ সময় ধরে চলে গাছ অপসারণের অভিযান। উপস্থিত লোকজন জানান ঘটনার অনেক পরে অকুস্থলে এসেছে পুলিশ ও উদ্ধারকারী দল।
প্রাথমিকভাবে অনুমান, টানা ভারী বৃষ্টিপাত ও দমকা হাওয়ার জেরেই বিশাল গাছটি উপড়ে পড়ে। প্রাকৃতিক বিপর্যয়ের পর ঘটনাস্থলে দ্রুত উদ্ধারকারী দল না পৌঁছালে পরিস্থিতি কতটা ভয়ানক হতে পারে বড়মুড়ার এই ঘটনা বড় দৃষ্টান্ত।

