স্পোর্টস ডেস্ক, ১৯ আগস্ট।।
     শেষ মিনিটে সেন চুং ভুটিয়ার গোলে সেমিফাইনালে খেলার ছাড়পত্র অর্জন করলো ব্লাড মাউথ ক্লাব। ২১ আগস্ট আসরের দ্বিতীয় সেমিফাইনালে ব্লাড মাউথ ক্লাব খেলবে তারকা খচিত কল্যাণ সমিতির বিরুদ্ধে। রাজ্য ফুটবল সংস্থা আয়োজিত  রাখাল শিল্ড নক আউট ফুটবল আসরে। বুধবার উমাকান্ত মিনি স্টেডিয়ামে অনুষ্ঠিত আসরের শেষ কোয়ার্টার ফাইনালে ঘাম ঝরিয়ে জয় পেল কমলাকালো ব্রিগেট। এক ঝাঁক ভিন রাজ্যের তারকা ফুটবলার নিয়ে গড়া ব্লাড মাউথ ক্লাব কে জয় পেতে ঘাম ঝরাতে হলো। ম্যাচের অতিরিক্ত সময়ের শেষ মিনিট পর্যন্ত ব্লাড মাউথ ক্লাবকে আটকে রেখেছিল রামকৃষ্ণ ক্লাব। তারকা খচিত দল হলেও খুব একটা ভালো খেলতে পারেননি ব্লাড মাউথ দলের ফুটবলাররা। হয়তোবা মরশুমের প্রথম ম্যাচ বলেই। অপরদিকে কম বাজেটের দল রামকৃষ্ণ ক্লাবের ফুটবলাররা মন জয় করে নিয়েছে ফুটবলপ্রেমীদের। ম্যাচের শুরু থেকেই দুই দলের ফুটবলাররা আক্রমাত্মক ফুটবল খেলার চেষ্টা করেন। রামকৃষ্ণ ক্লাব দলের রক্ষণভাগে শক্তি বাড়িয়ে কাউন্টার অ্যাটাকের উপর নির্ভর করে খেলা শুরু করেন। তাতে আসে সফলতাও। ৯০ মিনিট পর্যন্ত রুখে দেয় তারকা খচিত ব্লাড মাউথ ক্লাব কে। অতিরিক্ত সময়ের প্রথমার্ধে কোন গোল না হওয়ায় শুরু হয় দ্বিতীয়ার্ধের খেলা। ফুটবল প্রেমীরা ধরে নিয়েছিলেন ম্যাচ গড়াবে টাইব্রেকারে। খেলার শেষ বাঁশি বাজার অপেক্ষায় ছিল। তখনই আক্রমণে যায় ব্লাড মাউথ ক্লাব। শেষ মিনিটে সেন চুং ভুটিয়া দুরন্ত গোল করে ক্লাব কর্তাদের মুখে হাসি ফুটিয়েছেন। শেষ পর্যন্ত নূন্যতম গোলে জয় পেয়ে সেমিফাইনালে খেলা ছাড়পত্র অর্জন করল গেলোবারের চ্যাম্পিয়ন ব্লাড মাউথ ক্লাব। রেফারি ধনেশ শাহ লাল কার্ড দেখিয়েছেন বিজিত দলের লাল সরম অমিত সিং কে। ম্যাচের সেরা ফুটবলার নির্বাচিত হয়েছেন বিজিত দলের জন হালাম।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *