ডেস্ক রিপোর্টার,১৩ মে ।।
      প্রকাশিত হল সিবিএসই-র দ্বাদশ শ্রেণির ফলাফল।এবার সিবিএসই-র দ্বাদশ শ্রেণির মোট পরীক্ষার্থীর সংখ্যা ছিল ১৭ লক্ষ ৮০ হাজার ৩৬৫ জন। তার মধ্যে পরীক্ষায় অংশ নেয় ১৭ লক্ষ ৬৮ হাজার ৯৬৮ জন। উত্তীর্ণ হয়, ১৫ লক্ষ ৭ হাজার ১০৯ জন।
     গত বছর পাশের হার যেখানে ছিল ৮৮.৩৯ শতাংশ, এবারে তা কমে দাঁড়িয়েছে ৮৫.২০ শতাংশে৷ এবার পাশ করতে পারল না প্রায় ১৫ শতাংশ ছাত্রছাত্রী। শুধু তা-ই নয়, গত বছরের তুলনায় এবার এক ধাক্কায় ৩ শতাংশেরও বেশি কমে গেল পাশের হার৷এবার পাশের হার সবচেয়ে বেশি কেরলের রাজধানী তিরুবনন্তপুরমে। ৯৯.৮৫ শতাংশ পড়ুয়া পাশ করেছে সেখানে। একবারে শেষ স্থানে রয়েছে উত্তরপ্রদেশের প্রয়াগরাজ। সেখানে পাশের হার ৭২.৪৩ শতাংশ।তবে এবারও ছাত্রদের হারিয়ে দিয়েছেন ছাত্রীরা। ছেলেদের তুলনায় মেয়েদের পাশের হার ৬.৭৩ শতাংশ বেশি।
       তবে শিক্ষা বিশেষজ্ঞদের মতে,এবার পাশের হার কমার পেছনে কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় থাকতে পারে।তারমধ্যে রয়েছে এ বছর ‘কম্পিটেন্সি-বেসড’ বা দক্ষতা-ভিত্তিক প্রশ্নের সংখ্যা বাড়ানো হয়েছিল, যা শিক্ষার্থীদের বিষয়ভিত্তিক গভীরতা যাচাইয়ের ওপর জোর দিয়েছে।দ্বিতীয়ত কোভিড-পরবর্তী স্বাভাবিক পঠনপাঠন এবং আগের মতো কঠোর মূল্যায়ন পদ্ধতিতে ফিরে আসা।তৃতীয়ত, গতানুগতিক মুখস্থ বিদ্যার বদলে বিশ্লেষণধর্মী প্রশ্নের আধিক্য অনেকের কাছেই চ্যালেঞ্জিং ছিল।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *