ডেস্ক রিপোর্টার, ১১ জুলাই।।
বন্যা পরিস্থিতি মোকাবিলায় উচ্চ পর্যায়ের প্রস্তুতি বৈঠক করলেন মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা। বর্ষা মৌসুমে সম্ভাব্য জলাবদ্ধতা ও বন্যা পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুতি আরও জোরদার করতে শনিবার টিআইএফটি-র কনফারেন্স হলে এই উচ্চপর্যায়ের পর্যালোচনা বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে আগরতলা পুর নিগম এলাকা সহ বিভিন্ন স্থানে বন্যা মোকাবিলার প্রস্তুতি এবং বিভিন্ন সতর্কতামূলক ব্যবস্থা নিয়ে বিস্তারিত আলোচনা ও পর্যালোচনা করা হয়।
বৈঠকে সংশ্লিষ্ট দপ্তরগুলির মধ্যে সমন্বয় আরও শক্তিশালী করা, আগাম সতর্কীকরণ ব্যবস্থা কার্যকর রাখা এবং জরুরি পরিস্থিতিতে দ্রুত ও কার্যকর সাড়া প্রদানের ওপর বিশেষ গুরুত্ব আরোপ করা হয়।
মুখ্যমন্ত্রী বলেন, বর্ষাকালে নাগরিকদের জীবন ও সম্পদের সুরক্ষা নিশ্চিত করা সরকারের সর্বোচ্চ অগ্রাধিকার।সম্ভাব্য যে কোনও পরিস্থিতি মোকাবিলায় প্রশাসনকে সর্বদা প্রস্তুত থাকতে এবং সংশ্লিষ্ট সমস্ত সংস্থার মধ্যে নিবিড় সমন্বয় বজায় রেখে কাজ করার নির্দেশ দেন তিনি।এছাড়াও জলাবদ্ধতা নিরসন, উদ্ধার ও ত্রাণ কার্যক্রমসহ প্রয়োজনীয় সব ধরনের প্রস্তুতি নিশ্চিত করার উপরও গুরুত্বারোপ করেন মুখ্যমন্ত্রী।

