ডেস্ক রিপোর্টার, ৩ সেপ্টেম্বর।।
গত কয়েক বছরে অনলাইনে মুদিপণ্য ও প্যাকেটজাত খাবার কেনা লক্ষ লক্ষ ভারতীয়র কাছে স্বাভাবিক অভ্যাসে পরিণত হয়েছে। কিন্তু দোকানে গিয়ে কেনার সময় লেবেল, উপাদান ও এক্সপায়ারি ডেট দেখে কেনা গেলেও, অনলাইনে সেই সুবিধা মেলে না বললেই চলে। এই পরিস্থিতিতেই এবার কড়া পদক্ষেপ নিল ফুড সেফটি অ্যান্ড স্ট্যান্ডার্ডস অথরিটি অফ ইন্ডিয়া বা FSSAI।সংশ্লিষ্ট সংস্থার
নয়া নির্দেশ অনুযায়ী, সমস্ত ই-কমার্স ও কুইক কমার্স প্ল্যাটফর্মকে আগামী *৩০ সেপ্টেম্বর, ২০২৬-এর মধ্যে* প্রতিটি প্যাকেটজাত খাবারের লেবেল, ‘বেস্ট বিফোর’ ও এক্সপায়ারি ডেট স্পষ্টভাবে অ্যাপ বা ওয়েবসাইটে দেখাতে হবে। ক্রেতা অর্ডার করার আগেই যাতে পণ্যের শেল্ফ লাইফ দেখতে পারেন, তা বাধ্যতামূলক করা হয়েছে।
পাশাপাশি FSSAI জানিয়েছে, ডেলিভারির সময় পণ্যের ন্যূনতম ৩০ শতাংশ শেল্ফ লাইফ অথবা ৪৫ দিন মেয়াদ থাকতেই হবে। মেয়াদোত্তীর্ণ বা মেয়াদ ফুরোনোর কাছাকাছি পণ্য বিক্রি করা যাবে না। কোনো পণ্যের দাবি লেবেলের তথ্যের সঙ্গে মিলতে হবে, ভিত্তিহীন হেলথ ক্লেম করা যাবে না।
সম্প্রতি এক সমীক্ষায় দেখা গেছে, ৮টির মধ্যে ৫টি অনলাইন গ্রোসারি প্ল্যাটফর্ম এখনও এক্সপায়ারি ডেট দেখায় না। প্রায় ৪৮% ক্রেতা জানিয়েছেন, তারা অনলাইনে ‘বেস্ট বিফোর’ ডেট খুঁজে পান না।FSSAI সিইও জানিয়েছেন, অনলাইন প্ল্যাটফর্মগুলো শুধু অ্যাগ্রিগেটর নয়, বিক্রি হওয়া খাবারের জন্য তারাও দায়বদ্ধ। বৈধ FSSAI লাইসেন্স ছাড়া কোনো বিক্রেতা প্ল্যাটফর্মে ব্যবসা করতে পারবে না এবং ডেলিভারি কর্মীদের খাদ্য সুরক্ষা প্রশিক্ষণও বাধ্যতামূলক। নিয়ম না মানলে নেওয়া হবে কড়া ব্যবস্থা।

