স্পোর্টস ডেস্ক, ৮ সেপ্টেম্বর।।
ঘুরে দাঁড়ালো নাইন বুলেটস ক্লাব। পরাজিত করলো ফরোয়ার্ড ক্লাবকে। রাজ্য ফুটবল সংস্থার আয়োজিত শ্যামসুন্দর কোন জুয়েলার্স চন্দ্র মেমোরিয়াল লীগ ফুটবলে। উমাকান্ত মিনি স্টেডিয়ামে সোমবার ফ্লাড লাইটে অনুষ্ঠিত ম্যাচে নাইন বুলেটস ক্লাব পরাজিত করে ফরোয়ার্ড ক্লাবকে। এবং দুর্দান্তভাবে ঘুরে দাঁড়ায় লিগে। আর্থিক সমস্যার জন্য বড় মাপের ফুটবলার আনতে না পারলেও এক ঝাঁক লড়াকু ফুটবলার নিয়ে এ বছর দল গড়েছে ময়দানের ঐতিহ্যবাহী নাইন বুলেটস ক্লাব। মূলত তারুণ্যের জোয়ারের কাছেই থাকতে হয়েছে তারকা খচিত ফরোয়ার্ড ক্লাবকে। দক্ষতা এবং শক্তিতে দুই দল প্রায় এক জায়গায় থাকলেও গতিতে বাজিমাত করে নাইন বুলেটস। শুরু থেকেই ক্রমাগত আক্রমণ করলেও প্রথমার্ধে বিপক্ষে জাল নাড়াতে ব্যর্থ হয়েছেন সাদা লাল দলের ফুটবলাররা। ৬৫ মিনিটে কাঙ্খিত গোল পায় নাইন বুলেটস ক্লাব। গোলটি করেন হাইয়ুম জমাতিয়া। এর ১৫ মিনিট পর রোবাট ঊষান দুরন্ত গোল করে নাইন বুলেটসের দ্বিতীয় জয় নিশ্চিত করে দেন। ম্যাচে ফেরার জন্য ফরোয়ার্ড ক্লাবের ফুটবলাররা পাল্টা আক্রমণ করলেও বিপক্ষের রক্ষণভাগে চির ধরাতে পারেনি। খেলা পরিচালনা করেন আদিত্য দেববর্মা।

